রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ডেনমার্ক ও ডব্লিউএফপির
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে ডেনমার্ক সরকার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন ডেনমার্সের উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী উলা পেডারসন টরনাস এবং ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ডেনমার্কের মন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং ডেনমার্ক সরকার রোহিঙ্গাদের সহায়তায় যে সাড়ে তিন মিলিয়ন ডলার দিচ্ছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, খাবারসহ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে প্রশংসা করেন উলা।
মিয়ানমার সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শিগগিরই শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের কথাও তুলে ধরেন তিনি।
ডেনমার্ক সরকার ও ডব্লিউএফপিকে রোহিঙ্গাদের সহায়তা জন্য ধন্যবাদ জানিয়ে সহায়তা আরও সম্প্রসারণের আহ্বানও জানান শেখ হাসিনা।
বৈঠকে আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।
প্রধানমন্ত্রী বলেছেন, “নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।”
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
