২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার ভাগ নিয়ে হত্যা, ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের টাকার ভাগাভাগি নিয়ে দলের এক সদস্যকে হত্যার ঘটনায় দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 04:42 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুর রহমান সরদার বুধবার এই রায়ে আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মোয়াজ্জেম হোসেন ও বাবু ওরফে কানা বাবু। আর যাবজ্জীবন সাজা হয়েছে আকির হোসেন, মনির হোসেন, আমির হোসেন ও আব্দুল আজিজ ওরফে আজির।

যাবজ্জীবন কারাদণ্ডের আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে আকির, মনির ও আমির পলাতক। বাকি তিনজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৩ মার্চ আবদুল লতিফ নামের একজনকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে শাজাহানপুরের একটি বাড়ির ছাদে তার লাশ ফেলে রাখা হয়। ওই ঘটনায় মতিঝিল থানার তৎকালীন এসআই শাহ আলম এই হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, লতিফ ছিলেন একটি ছিনতাইকারী দলের সদস্য। তার কাছে থাকা ছিনতাইয়ের ৭০ হাজার টাকা নিয়ে দলের ভেতরে বিরোধ চলছিল। এর জের ধরে অন্য আসামিরা লতিফকে হত্যা করে।

তদন্ত শেষে মতিঝিল থানার এসআই সাহাব উদ্দিন ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই বছরের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

বিচারকালে মোট আটজনের সাক্ষ্য শুনে বুধবার রায় ঘোষণা করেন বিচারক।

তবে একাধিক আসামির জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ছিনতাইকারী দলের নেতা ফেরদৌসের নাম আসার পরও অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাব উদ্দিনের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

এ আদালতের পেশকার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই সাহাব উদ্দিন অবসরে যাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেননি বিচারক।

মামলার নথিপত্রে দেখা যায়, আসামি আমির হোসেন ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাকিমের কাছে বলেছিলেন, তিনি ফেরদৌসের ছিনতাইকারী দলের প্রাইভেট কার চালাতেন। আমির ছাড়াও আরও তিন আসামি জবানবন্দিতে ফেরদৌসকে ‘বস’ বলেছিলেন।

তারপরও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌসের নাম অভিযোগপত্র থেকে বাদ দেন। এছাড়া সুমন ও রাশেদ নামে আরও দুই আসামির বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি জানিয়ে তাদের নামও বাদ দেওয়া হয় অভিযোগপত্র থেকে।

সবকিছু বিবেচনায় নিয়ে বিচারক ফেরদৌস, সুমন ও রাশেদের বিষয়ে সম্পূরক অভিযোপত্র দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও মতিঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ।