২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিবেশন শেষ করল মিলমিশের দশম সংসদ

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ নিয়ে শুরু হলেও কোনো রকম সরব আলোচনা ছাড়াই অধিবেশন শেষ করল দশম জাতীয় সংসদ।

সাজিদুল হক

সুমন মাহবুব ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 12:56 AM

Updated : 19 Aug 2022, 02:49 PM

দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরোধী ও সরকারি দলের সমঝোতা-সহযোগিতার ভিত্তিতে চলা এই সংসদ পুরোটা সময় ছিল বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনায়।

সরকারি দলের প্রতি বিরোধী দল জাতীয় পার্টির সমর্থনের রেশ শেষ দিনেও দেখা গেছে। সমাপনী ভাষণেও সরকার ও সরকার প্রধানের প্রশংসা করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্যেও ছিল বিরোধী দলের প্রশংসা।

সমাপনী ভাষণে রওশন বলেন, “প্রধানমন্ত্রীর মমতা আছে, জনগণের জন্য। তিনি সংসদে উপস্থিত থেকে আমাদের সবাইকে কাজ করার উৎসাহ দেন।”

প্রধানমন্ত্রী শেষ হাসিনা তার বক্তব্যে বলেন, “এই সংসদে বিরোধী দলের কত কটূক্তি দেখেছি। সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। অতীতের মতো দশম সংসদে বর্বরতা, অশালীন বাক্য শুনতে হয়নি। সংসদ সম্পর্কে মানুষের যে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল, তা দূর করে সংসদ যে দেশ, জনগণ ও জাতির স্বার্থে কাজ করে তা মানুষের মধ্যে ফিরে এসেছে। আমি এজন্য বিরোধী দলকে ধন্যবাদ জানাই।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীও সমাপনী বক্তব্যে বলেন, “দুই দলের সক্রিয় অংশগ্রহণ এই সংসদ কার্যকর করায় নজির স্থাপন করেছে।”

দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপির বয়কটের কারণে সংসদে বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। তবে সংসদের মতো তাদের মিলমিশ ছিল সরকারেও; সরকারে তাদের অংশগ্রহণ সরকারি ও বিরোধী দলকে একাকার করে দিয়েছিল।

২০১৪ সালের ৫ জানুয়ারির ওই নির্বাচনও ছিল নানা দিক থেকে নাটকীয়। ওই বছরের ২৯ জানুয়ারি প্রথম বৈঠকে বসে সংসদ। সেই হিসেবে আগামী ২৮ জানুয়ারি মেয়াদ হচ্ছে এই সংসদের।

সোমবার রাতে ২৩তম অধিবেশনের সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ সংসদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংসদের দুই অধিবেশনের মধ্যে ৬০ দিনের বিরতি থাকবে না, এমন বিধান রয়েছে। তবে সংসদের মেয়ার পূর্তির শেষ ৯০ দিনের মধ্যে এই বাধ্যবাধকতা থাকবে না। সেই হিসেবে আগামী সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজন না হলে সংসদ বসছে না। 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, যদি কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে ও যুদ্ধবিগ্রহ না লাগে, তাহলে এটাই চলতি সংসদের শেষ অধিবেশন।

দশম সংসদকে কার্যকর উল্লেখ করে স্পিকার সাংবাদিকদের বলেন, “সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব প্রক্রিয়াতেই নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা হয়।”

দশম সংসদ মোট ২৩বার অধিবেশনে বসেছে। আর এই ২৩টি অধিবেশনে কার্যদিবস ছিল ৪১০টি। এই সময় বিল পাওয়া গিয়েছিল ১৯৮টি। এর মধ্যে পাস হয়েছে ১৯৩টি। প্রত্যাহার হয়েছে ৪টি। আর অনিষ্পন্ন রয়েছে ১টি।

অন্য যে কোনো সংসদের চেয়ে নবম সংসদে বিরোধী দলের বর্জন ছিল রেকর্ড পরিমাণ। ওই সংসদে বিরোধী দল অনুপস্থিত ছিল ৩৪২ কার্যদিবস, উপস্থিত ছিল ৭৬ কার্যদিবস।

দশম সংসদের বিরোধী দল কোনোদিনই বর্জন করেনি। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে ছিলেন ২৪২ কার্যদিবস। গত নবম সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন ১০ কার্যদিবস।

দশম সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ৩৩৮ কার্যদিবস।

এই পুরো সংসদে সবচেয়ে বেশি উপস্থিতি কুমিল্লার দুজন সংসদ সদস্যের। তারা হলেন আওয়ামী লীগের আলী আশরাফ ও সুবিদ আলী ভূইয়া। তারা দুজনই গত ২২তম অধিবেশন পর্যন্ত ৩৭৮ কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন।

এই সংসদের প্রথম অধিবেশন ছিল ৩৬ দিন, দ্বিতীয় অধিবেশন ২৩ দিন, তৃতীয় অধিবেশন ১৪ দিন, চতুর্থ অধিবেশন ১০ দিন, পঞ্চম অধিবেশন ৩৯ দিন, ষষ্ঠ অধিবেশন ২৬ দিন, সপ্তম অধিবেশন ৮ দিন, অষ্টম অধিবেশন ১২ দিন, নবম অধিবেশন ২৭ দিন, দশম অধিবেশন ৯ দিন, একাদশ অধিবেশন ৩২ দিন, দ্বাদশ অধিবেশন ১০ দিন, ত্রয়োদশ অধিবেশন ৫ দিন, চতুর্দশ অধিবেশন ৩২ দিন, পঞ্চদশ অধিবেশন ৫ দিন, ষোড়শ অধিবেশন ২৪ দিন, সপ্তদশ অধিবেশন ৫ দিন, অষ্টাদশ অধিবেশন ১০ দিন, উনিশতম অধিবেশন ৩৫ দিন, বিশতম অধিবেশন ৫ দিন, একুশতম অধিবেশন ২৫ দিন, বাইশতম অধিবেশন ১০ দিন, তেইশতম অধিবেশন ৮ দিন।

২০১৪ সালে ৮৩ দিন, ২০১৫ সালে ৮৫ দিন, ২০১৬ সালে ৮৩ দিন, ২০১৭ সালে ৭৬ দিন, ২০১৮ সালে ৮৩ দিন বৈঠকে বসেছে সংসদ ।

চলতি সংসদে ব্যতিক্রমধর্মী অধিবেশন ছিল গত বছরের বাজেট অধিবেশন। বাড়তি আবগারি শুল্ক, বাড়তি ভ্যাট এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানো- এই তিন বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিমসহ সরকারি দলের অনেক সদস্য খোদ সরকারের কঠোর সমালোচনা করেছিলেন।

বিতর্কিত আইন

দশম সংসদের শেষ সময়ে এসে আইন প্রণয়নের হিড়িক পড়ে। মোট ১৮ কার্যদিবসের দুটি অধিবেশনে ৩৭টি আইন পাস করা হয়। এরমধ্যে ১০ কার্যদিবসের ২২তম অধিবেশনে ১৮টি এবং ৮ কার্যদিবসের শেষ অধিবেশনে ১৯টি আইন পাস হয়।

২০১৬ সালে বেসরকারি সংস্থা টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির নির্বাচী পরিচালক ইফতেখারুজ্জামান সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলে মন্তব্য করেন। তার পরিপ্রেক্ষিতে সংসদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

পরে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬‘তে নতুন বিধান যুক্ত করা হয়। যেখানে বলা হয় কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ‘বিদ্বেষমূলক বা অশালীন’ মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা বা এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে।

বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয় এই সংসদে। এই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে আনা হয়। পরে অবশ্য আদালত এই সংশোধনী অবৈধ ঘোষণা করে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।

Image
জাতীয় সংসদে চলছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন। বৃহস্পতিবারে ছবি।

জাতীয় সংসদে চলছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন। বৃহস্পতিবারে ছবি।

ব্যাংক কোম্পানি আইনে সংশোধনীর মাধ্যমে বেসরকারি ব্যাংকে ‘পরিবারতন্ত্র’ প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হয় দশম সংসদে।

ফৌজদারি অপরাধে সরকার বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে সরকারি কর্মচারিদের গ্রেপ্তার করা যাবে না- এমন বিধান রেখে করা হয় সরকারি চাকরি আইন। এই বিধানটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অবিহিত করেছেন একাধিক সংসদ সদস্য।

হেফাজতে ইসলামের দাবি পুরোপুরি মেনে নিয়ে কওমী মাদ্রাসার সর্বোচ্চ স্তরের শিক্ষা সনদের স্বীকৃতি সংক্রান্ত আইন পাস হয় এই সংসদে। যেখানে কওমি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখা হয়নি।

অন্যদিকে সম্পাদক পরিষদ, দেশি বিদেশি বিভিন্ন মহলের উদ্বেগ আপত্তি উপেক্ষা করে এই সংসদে পাস হয় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে মনে করে সম্পাদক পরিষদ।

এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন, মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীসহ মোট ১৯৩টি আইন পাস হয় এই সংসদে।

বিতর্কিত আইনগুলো নিয়ে সংসদের ভেতরে বাইরে নানা সমালোচনা তৈরি হয়েছিল।

আইন প্রণয়ন কার্যক্রমে সাংসদের বড় একটি অংশের ভূমিকা ছিল ‘হ্যাঁ, ‘না’ তে সীমিত। বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদ মিলিয়ে ৯-১০ জন সদস্যকে ঘুরে ফিরে আইন প্রণয়নের আলোচনায় অংশ নিতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে বেশ কয়েকটা ধন্যবাদ প্রস্তাব পাস হয়। এরমধ্যে ‘সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড,’ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার, এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ‘প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন অ্যান্ড এজেন্ট অব চেইঞ্জ অ্যাওর্য়াড’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আলাদা আলাদা চারটি ধন্যবাদ প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয় ২০১৫ সালে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইআরআইয়ের জনমত জরিপের ফলে বলা হয়েছিল, শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আলোচনা ও প্রস্তাব পাস হয়। এছাড়া বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রীকে এবং ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে সংসদে আলোচনা ও প্রস্তাব পাস হয়।

এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দীকসহ তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সদস্য নির্বাচিত হওয়ায় তাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে আলোচনা ও প্রস্তাব পাস হয়েছিল।

এছাড়া বঙ্গবন্ধুর হত্যাকারী এবং সাজাপ্রাপ্ত যুদ্ধাঅপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজয়োপ্ত করা এবং ২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা নিয়ে প্রস্তাব পাস হয়।

২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজান ও শোলাকিয়া ঈদ জামায়াতে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে আলোচনা হয়।

বিরোধী দলের ভূমিকা

উপস্থিতির দিক থেকে এই সংসদে নজির রেখেছে বিরোধী দল জাতীয় পার্টি। বিরোধী দলের কেউই উপস্থিত ছিলেন না, এমন কোনো কার্যদিবস দশম সংসদে ছিল না।

সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তে সমালোচনার বদলে বেশিরভাগ ক্ষেত্রে সমর্থন দিয়ে গেছে বিরোধী দল। অনেক সময় প্রশংসা করেছে সরকার ও সরকার প্রধানকে। সরকারি দলও বিভিন্ন সময় বিরোধী দলের প্রশংসা করেছে। প্রায় প্রতিটি অধিবেশনে সংসদ নেতা ‘গঠনমূলক ভূমিকার’ জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন। সরকারি দল সংসদে নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বাইরে থাকা বিএনপির সমালোচনায়ও ব্যস্ত থেকেছে।

বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একাধিকবার বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন।

Image
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও প্রধানমন্ত্রীর কাছে নিজেদের পরিচয় স্পষ্ট করার দাবি করেছিলেন। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “তারা (জাপার এমপিরা) বিরোধী দল হিসেবে পরিচয় দিতে পারেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা পান। কারণ, আমরা সরকারি দল, না বিরোধী দল- সাংবাদিকরা তা জানতে চান।”

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ঢাকাকে বাসযোগ্য করা, মাদক, পরিবেশ, খাবারে ভেজাল, বেকারত্ব—এই কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে সংসদে বক্তব্য রেখেছেন। সব বক্তব্যেই তিনি কমবেশি সরকার ও সরকারপ্রধানের প্রশংসা করেছেন।

বিরোধী দলের একজন নারী সদস্য একাধিকবার সংসদে বলেছেন, নির্বাচন ছাড়াই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চান।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী দশম সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ওয়াকআউট করেছে ৩ বার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও সুপ্রিমকোর্টের বিচারকদের বেতন–ভাতা বিল উত্থাপনের প্রতিবাদে তারা ওয়াকআউট করে।

গত নবম সংসদের মতো এবারও বিরোধী দল তাদের বিরোধী দলীয় উপনেতা ঠিক করতে পারেনি।

বিরোধী দলের প্রধান হুইপ নুরুল ইসলাম ওমর সাংবাদিকদের বলেন, “অতীতে সংসদের বিরোধী দলগুলোর আচরণ মানুষ ভালোভাবে নেয়নি। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি একটি ইতিবাচক রাজনীতি দেওয়ার চেষ্টা করেছে।”

সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, “এই সংসদে নবম সংসদের মতো এমন কোনো ঘটনা ঘটেনি যে দেশবাসীর কাছে আমাদের লজ্জা পেতে হয়। এই সংসদে বিরোধী দলের ব্যাপক সমালোচনা ছিল। তাদের গঠনমূলক প্রস্তাবগুলো সরকার গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্ব দশম জাতীয় সংসদ নির্বাচনটাকে গণতন্ত্র উত্তোরণ হিসেবে আমাদের প্রশংসিত করেছে। এই সংসদের জন্য আমরা গর্বিত। স্বর্ণাক্ষরে এর নাম লেখা থাকবে।”