ব্রিটিশ কাউন্সিলে কানেক্টিং ক্লাসরুমের চতুর্থ পর্ব শুরু
প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান ও সংস্কৃতি বিনিময়ের প্ল্যাটফর্ম ‘কানেক্টিং ক্লাসরুম’র চতুর্থ পর্বের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন।
শিক্ষা বিস্তারের এই অনুষ্ঠানটিকে 'বিশ্ব শিক্ষক দিবস' এর প্রতি উৎসর্গ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শামসুল হুদা ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুল হক।
অনুষ্ঠানের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল ও মাদ্রাসা থেকে আসা পাঁচ শিক্ষার্থী তাদের শিক্ষকদের নিয়ে নিজেদের মতামত ও শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে শিক্ষকদের অবদানগুলো তুলে ধরেন। এরপর ‘কানেক্টিং ক্লাসরুম’ কার্যক্রম নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন চার শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন বলেন, “বিশ্ব এখন আগের চেয়েও প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মের উন্নত ভবিষ্যত নিশ্চিত করতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকা দরকার। শিক্ষা বিষয়ক অনেক কর্মসূচির সাথে কানেক্টিং ক্লাসরুম উন্নত এ ভবিষ্যত নিশ্চিতে অবদান রাখবে।”
ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা তাদের নিজেদের বিশ্বাস করতে শিখুক আর সেজন্য কানেক্টিং ক্লাসরুম একটি অনন্য প্ল্যাটফর্ম। বিশ্বকে জানার জন্য যে সুযোগ এখানে দেওয়া হয় সেটা অসাধারণ।
“এই কাজটি আমরা গত ৫০ বছর ধরে করে যাচ্ছি। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের ১ দশমিক ৬ মিলিয়ন শিক্ষার্থীকে যুক্ত করেছি। কানেক্টিং ক্লাসরুম শুধু ক্লাসরুমকেই যুক্ত করে বা বরং এটা ব্যক্তির সাথে ব্যক্তিকে, শিক্ষার্থীদের সাথে শিক্ষককে এবং তার চেয়েও বেশি দুটি দেশকে যুক্ত করে।”
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শামসুল হুদা বলেন, “মাউশি বিগত কয়েক বছর যাবত শিক্ষা খাতে ব্রিটিশ কাউন্সিলর কানেক্টিং ক্লাসরুম কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছে। আমরা আশা করি, অংশীদারিত্বের মাধ্যমে পরবর্তী সময়েও আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর ডেভিড মেনার্ড। বৈশ্বিক শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিজিওনাল এডুকেশন অ্যান্ড ইংলিশ একাডেমিকের দক্ষিণ এশীয় প্রধান অ্যামি লাইটফুট।
অনুষ্ঠান শেষে অ্যালিসন ব্লেইক কানেক্টিং ক্লাসরুম প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশের ১১টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন।
