২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ঢাকা ফোরামের আলোচনায়

সব দলের জন্য সমান সুযোগ না থাকায় একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করা সম্ভব নয় বলে আশংকা প্রকাশ করেছেন এক গোলটেবিল বৈঠকের বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 05:52 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, “আসন্ন নির্বাচন ও এতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি একেবারেই আশাবাদী নই। কমিশনের সাথে আলোচনায় আমাদের দেওয়া সুপারিশের কোনোটাই বাস্তবায়িত হয়নি।”

নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই জানিয়ে তিনি বলেন, “বিরোধীদলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গুম হচ্ছে। এসবের মধ্যে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যেও বিষয়টি উঠে আসে।

নির্বাচনকে ফুটবল খেলার সাথে তুলনা করে তিনি বলেন, “যদি আপনি ফুটবল খেলেন এবং খেলা শুরুর আগেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হাত-পা ভেঙে দেন, প্র্যাকটিস করার সুযোগ থেকে বঞ্চিত করেন, খেলার নিয়ম ও রেফারি নিজের পক্ষে করেন তবে সেটা কখনোই নিরপেক্ষ খেলা হবে না।

“অজ্ঞাতনামা আসামিদের গায়েবি মামলা দিয়ে বিরোধীদল ও ভিন্নমত পোষণকারীদের গ্রেপ্তারের ভয়ে রাখা হচ্ছে। নির্বিচারে নেতাকর্মীদের জেলে পুরে রাখা হচ্ছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, “এখন ভোট কেন্দ্রে যাওয়াই একটা ভয়ের ব্যাপার। ভোট নিয়ে মানুষ আতংকিত থাকলে, অংশগ্রহণ না থাকলে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না।”

বৈঠকে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, পানি বিশেষজ্ঞ ইনামুল হক, স্বাস্থ্য বিশেষজ্ঞ মুজাহেরুল হক, সংসদ সদস্য ফখরুল ইমাম বক্তব্য রাখেন।