২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তির পুনঃপরীক্ষা ১৬ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষার্থীকে ১৬ নভেম্বর নতুন করে পরীক্ষায় বসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 08:07 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই প্রচলিত নিয়ম অনুযায়ী ওই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১০০ নম্বরের এই পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের নিয়মেই পরীক্ষা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু আমাদের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিলেই চলবে।”

গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে হাতে লেখা প্রশ্নপত্রের ১৪টি ছবি এক শিক্ষার্থীর মোবাইল ফোনে আসে। প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে নিলেও গত মঙ্গলবার ফল প্রকাশ করে। সেখানে দেখা যায় ‘ঘ’ ইউনিটের প্রথম ১০০ জনের তালিকায় থাকা অন্তত ৭০ জন ভর্তিচ্ছু অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণই হতে পারেননি।

এরপর আইন বিভাগের এক ছাত্র ফল বাতিলের দাবিতে অনশন শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা সরব হয়ে ওঠেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও ‘ঘ’ ইউনিটের ফল বাতিলের দাবিতে সংহতি জানায়। 

ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর বাবা রোববার ফল বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগও নতুন করে পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবিতে মঙ্গলবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে এসেছি। আমরা চাই মেধাবীরা যেন বঞ্চিত না হয়। যেখানে প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেছে, প্রশাসনও স্বীকার করেছে, মিডিয়াতে এসেছে, সেখানে আমরা চাই আবার পরীক্ষা নেওয়া হোক। যদি সম্ভব না হয় তবে যারা পাস করেছে তাদেরটা নেওয়া হোক।"

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য সে সময় বলেন, ডিনস কমিটির বৈঠকে তিনি দাবির বিষয়গুলো তুলবেন। পরে বিকালে ডিনস কমিটির বৈঠক শেষে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।

পুরনো খবর:

ঢাবি ‘ঘ’ ইউনিট: ফের পরীক্ষায় বসতে হবে উত্তীর্ণদের