মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে ১১ দফা
সব ধরনের সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।
বৃহস্পতিবারের এই সমাবেশ থেকে ১১ দফা দাবি তুলে ধরে তা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
দাবি পূরণে ৩০ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
দিনব্যাপী এই সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন বিভাগীয় ও জেলা মুক্তিযুদ্ধ কমান্ডাররা। বিকালে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।
শাহজাহান খান বর্তমান রাজনৈতি পরিস্থিতি তুলে ধরে বলেন, “যারা মানুষকে পুড়িয়ে মেরেছিল, শহীদ মিনার ভেঙেছিল, তারা কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের পক্ষ নিয়েছেন কে? ড. কামাল এবং তার সাথে গুটি-কয়েকজন লোক, যারা জনবিচ্ছিন্ন।
“কামাল হোসেন কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেন নাই। তিনি ছিলেন পাকিস্তানে, শ্বশুর বাড়িতে। তখন বঙ্গবন্ধু তাকে নিয়ে এসেছিলেন এবং একজন ব্যারিস্টারকে বঙ্গবন্ধু আইনমন্ত্রী করেছিলেন। কামাল হোসেন অনেক নির্বাচন করেছেন, কিন্তু একবারও জিততে পারেননি।”
“আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে লড়াই করতে হবে। সেই লড়াই হবে রাজাকারদের বিরুদ্ধে,” বলেন শাহজাহান খান।
সমাবেশে ১১ দফা দাবি পেশ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।
তিনি বলেন, “সবার পরামর্শ নিয়ে সারাদেশে আনুষ্ঠানিক আন্দোলনের পদযাত্রা শুরু হল। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।”
সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চের সদস্য সচিব ওসমান আলী, মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল, সদস্য সচিব আল মামুন প্রমুখ।
