২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরও পদোন্নতি: উপসচিব হলেন ২৫৬ কর্মকর্তা

স্থায়ী পদ না থাকলেও মেয়াদের শেষ দিকে এসে জনপ্রশাসনের আরও ২৫৬ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 09:22 AM

Updated : 19 Aug 2022, 02:47 PM

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে বুধবার মধ্যরাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে এক হাজার ছয়টি। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৫৯ জনে।

এবার প্রশাসন ক্যাডারের ১৮০ জন, শিক্ষার ১৫ জন, কৃষির ১৩ জন, প্রাণিসম্পদ ও টেলিযোগাযোগের পাঁচজন করে, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের চারজন এবং তথ্য ও গণপূর্ত ক্যাডারের তিনজন করে কর্মকর্তা উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া খাদ্য, আনসার, সড়ক ও জনপথ, ডাক, রেলওয়ে ও বন ক্যাডারের দুইজন করে এবং পুলিশ, সমবায়, মৎস্য, স্বাস্থ্য, পরিসংখ্যান, শুল্ক ও আবগারী ক্যাডারের একজন করে কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে।

এর বাইরে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার বিভিন্ন দূতাবাসে কর্মরত সাতজন কর্মকর্তা উপসচিব হয়েছেন।

পদোন্নতি বিধিতে উপসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ পদ নির্ধারিত আছে। বাকি ২৫ শতাংশ পদে অন্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে পদায়ন করা হবে।

এবার যে পদোন্নতির আদেশ হয়েছে, তাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ৭০ দশমিক ৩১ শতাংশ।

উপসচিব পদে পদোন্নতির শর্ত

# শর্ত ১: সিনিয়র স্কেল পদে ৫ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে ধারণাগত জ্যেষ্ঠতা পেয়েছেন এমন কর্মকর্তার ক্ষেত্রে ৫ বছরের চাকরির শর্ত প্রযোজ্য হবে না।

# শর্ত ২: সরকার নির্ধারিত বুনিয়াদি ও বিভাগীয় প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করতে হবে এবং আইন ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কোনো কর্মকর্তা প্রশিক্ষণের সুযোগ না পেলে তার ক্ষেত্রে প্রশিক্ষণ সংক্রান্ত এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

# শর্ত ৩: মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর পেতে হবে। তবে শূন্যপদে পদোন্নতিতে যদি উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তখন কোনো কর্মকর্তার আগের দুটি শর্তানুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকলে মূল্যায়ন নম্বরের শর্ত শিথিল করা যাবে।

শিক্ষাগত যোগ্যতার জন্য ২৫ নম্বর, সর্বশেষ ৫ বছরের বার্ষিক বা গোপনীয় প্রতিবেদনের গড়ের জন্য ৩০ নম্বর, চাকরি জীবনের শুরু থেকে সর্বশেষ ৫ বছরের আগ পর্যন্ত সব বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের গড়ের জন্য ২৫ নম্বর, সামগ্রিক চাকরি জীবনে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে কোনো বিরূপ মন্তব্য না থাকার জন্য বোনাস নম্বর হিসেবে ১০ এবং সামগ্রিক চাকরি জীবনে কোনো শাস্তি না থাকার জন্য ১০ নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে উপসচিব পদে পদোন্নতির মূল্যায়ন হয়।

এর আগে চলতি বছরের ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। ২০ ফেব্রুয়া‌রি উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয় ৪২৪ জনকে।

২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ওই বছর ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।

২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা। তার আগে মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা পদোন্নতি পান।

২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

২০০৯-২০১৩ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল।

গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া দুই হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩ জন, যুগ্ম-সচিব পদে এক হাজার ৯১ জন এবং উপ-সচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।