২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দাবি নিয়ে ইসিতে ঘাতক-দালাল নির্মূল কমিটি

একাত্তরের যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের নির্বাচনে নিষিদ্ধ করার দাবি তুলেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 01:05 AM

Updated : 08 Apr 2022, 07:13 PM

পাশাপাশি নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সদস্যদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্মূল কমিটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার ৫ দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে যান।

সংয়ঘঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শাহরিয়ার কবির তাদের দাবিনামা তুলে দেন সিইসির কাছে।

বৈঠক শেষে নির্মূল কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জঙ্গি, সন্ত্রাসী সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে দাবি জানিয়েছি।”

কমিটির উপদেষ্টা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “জামায়াত নির্বাচনে অযোগ্য। তাই জামায়াতের কোনো সদস্য কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে এ দলটির সঙ্গে জোটগতভাবে কেউ নির্বাচনে অংশ নিলে সে দলও নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে বলে আমরা বলেছি।”

নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

মুনতাসির মামুন বলেন, “জামায়াতসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দল বা ব্যক্তি যাতে নির্বাচনের অংশ নিতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ভোটে অংশ নেওয়া দলগুলোর কাছে অঙ্গীকারনামা নিতে হবে যে, তাদের সঙ্গে জামায়াতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই।”

নির্মূল কমিটি ঝুঁকিপূর্ণ সব নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার ও সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি প্রদানকারীদের শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছে।

কমিটির স্মারকলিপিতে বলা হয়, দেশের ৯২টি নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে ১২ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত, যার বেশির ভাগ ঝুঁকিপূর্ণ। তাদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ নিতে হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “জামায়াতের অনুসারী, নেতাকর্মী,  যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীরা যেন ভোটে অংশ নিতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে নির্মূল কমিটি। 

“সিইসি এ বিষয়ে বলেছেন, এজন্য প্রয়োজনীয় আইন বাংলাদেশ নেই। পরবর্তীতে বিবেচনা করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয় আছে। সরকারের অন্য আইনের বিষয়ও আছে।”

ভোটে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে বলে আশ্বস্ত করেন তিনি।