২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2018, 01:08 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

সৌদি আরব সফরে থাকা প্রধানমন্ত্রী এই শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জরুরি বিভাগের নার্স হাবিবুর রহমান জানান।

ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী।

চার দশক বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। গিটার বাদনে তার খ্যাতি ছিল পুরো ভারতীয় উপমহাদেশেই।

আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘ফেরারী এই মনটা আমার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মত বহু গান শ্রোতাদের হৃদয়ে বাজবে বহুদিন।

সকালে তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ভক্ত শ্রোতাদের পাশাপাশি সংগীত শিল্পীদের অনেকেই ছুটে আসেন হাসপাতালে।