পূজামণ্ডপে ব্যাগ নিয়ে ঢোকায় ডিএমপির মানা
দুর্গাপূজায় রাজধানীতে নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মণ্ডপে কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ করার কথা জানিয়েছেন তিনি।
রোববার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, “ভক্তদের ও দর্শনার্থীদের কোনো ধরনের পোটলা, ব্যাগ, ব্যাকপ্যাক, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, কাঁচি বা এ জাতীয় কোনো বস্তু নিয়ে আসবেন না।
“এসব বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”
পূজায় পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “মোড়ে মোড়ে পুলিশের চেক পোস্ট থাকবে। প্রত্যেক মণ্ডপে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা থাকবে। তারা তল্লাশি করবে এবং.... এ ধরনের ব্যাগ, পোটলা নিয়ে কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না।”
প্রত্যেকটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরাপত্তায় নজরদারির পাশাপাশি আর্চওয়ে থাকবে।
মণ্ডপগুলো সুইপিং করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করবে।
পূজা চলাকালীন সময়ে পটকা, আতশবাজি ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেন তিনি।
“ঢাকেশ্বরী মন্দিরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখান থেকে রাজধানীর সকল পূজামণ্ডপের নিরাপত্তা তদারক করা হবে।”
দুর্গাপূজায় কোনো হুমকি ও নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি।
আগামী ১৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ শারদীয় দুর্গাপূজা।
এবার সারা দশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপূজা হবে।
ঢাকায় ছয় হাজার ৮০৪টি, চট্টগ্রামে চার হাজার ৫০৬টি, সিলেটে দুই হাজার ৩৪১টি, খুলনায় চার হাজার ৮৮৩টি, রাজশাহীতে তিন হাজার ৫৪২টি, রংপুরে পাঁচ হাজার ৩৭১টি, বরিশালে এক হাজার ৭২৪টি, ময়মনসিংহে দুই হাজার ১০১টি মণ্ডপে পূজা হবে।
