এবি ব্যাংকের ৬ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ
সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৮৩ কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে ব্যাংকটির বর্তমান ও সাবেক ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামছুল আলম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- ব্যাংকের বর্তমান পরিচালক শিশির রঞ্জন বোস ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন, সাবেক পরিচালক মিশাল কবির, ফাহিমুল হক, বি বি সাহা রায় ও মো. মেজবাহুল হক।
এর আগে গত ১ অক্টোবর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এম ওয়াহিদুল হকসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় করা এই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, তার স্ত্রী নাছরিন খান, সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
সম্প্রতি জিজ্ঞাসাবাদের জন্য এম মোরশেদ খান ও তার স্ত্রীকে দুদকে তলব করা হলেও অসুস্থতাজনিত কারণে হাজির না হয়ে এক মাসের সময় চেয়েছেন।
মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। এম মোরশেদ খান এর চেয়ারম্যান। তার স্ত্রী নাছরিন খান পিবিটিএলের পরিচালক।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
