২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 05:10 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

মোট ১৩ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫৬৬ জন অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত হয়। অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৩৮৩জন। তার মধ্যে ২৬৯ জন উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণদের মধ্যে ১৩৫ জন চারুকলা অনুষদের অধীনে বিভাগগুলোতে লেখাপড়া করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এসময় চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ চারুকলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে  admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>CHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

উত্তীর্ণদের সবাই ৯ অক্টোবর বিকাল ৩টা থেকে ১৮ অক্টোবর বিকাল ৩টার মধ্যে  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।

কোটায় আবেদনকারীরা ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে তা সেখানেই জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।