২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের ভূমি কমিশন গঠনে সংসদে লড়বেন মেনন

শিক্ষা, খাদ্য, ভূমি অধিকারসহ সামাজিক নিরাপত্তার নানা ইস্যুতে আদিবাসীদের পিছিয়ে রাখলে দেশের সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 11:06 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

রোববার ‘সামাজিক নিরাপত্তার কর্মসূচির বর্তমান প্রেক্ষাপট এবং সমতলের আদিবাসীদের জন্য করণীয় বিষয়ে সুপারিশ’ শিরোনামে এক বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে  আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করতে সংসদে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে জানানো হয়,  ২০১৮-১৯ অর্থ বছরে সরকার ৬৪ হাজার ১৭৭ কোটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করেছে যা মোট বাজেটের ১৩.৮১ শতাংশ।

মেনন বলেন, “সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আদিবাসীদের সামাজিক নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছি। তবে সম্প্রতি উন্নয়নকালে সামাজিক পার্থক্য বড় হয়ে দেখা দিয়েছে। আমরা যদি উন্নয়নকে টেকসই করতে চাই, বা কাঙ্ক্ষিত এসডিজি  অর্জন করতে চাই, তবে কাউকে পিছিয়ে রাখা যাবে না।  আদিবাসীদের পিছিয়ে রাখলে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে।”

সম্মেলনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সমাজের ‘নিচু তলার মানুষকে’ উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে আহ্বান জানান তিনি।

সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সরকার আদিবাসীদের জন্য বরাদ্দ কোটা তুলে নিলে তাতে সহমত জানাননি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

“কোটা সংস্কার করার সময়  বলা হলো, তারা পিছিয়ে নেই। তাদের জন্য কোটার প্রয়োজন নেই। আমি এটার সঙ্গে একমত হইনি। তারা সঠিক কথা বলেননি।”

কোটা সংস্কার আইনে পরিবর্তন এনে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আদিবাসী কোটা আগের মতো বহাল করতে ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন রাশেদ খান মেনন।

সেমিনারে সমতলের আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন এমন বেশকটি সংগঠন ও এনজিও কর্মীরা অভিযোগ জানিয়ে বলেন,  ভিজিএফের খাদ্য বিতরণ ও বয়স্ক ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা ঘুষ নেন।

তাদের অভিযোগের প্রেক্ষিতে মাত্র নয় মাস আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগ দেওয়া রাশেদ খান মেনন বলেন, “এখানে বন্টন প্রক্রিয়া অত্যন্ত জটিল।  কখনো তো স্থানীয় প্রতিনিধিরাও অসহায় হয়ে পড়েন। তবে আমি বলব,  অর্থ বরাদ্দ কমিটিতে আদিবাসী প্রতিনিধিও থাকবেন।”

খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফ সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের গাজী মোহাম্মদ নুরুল কবির, মন্ত্রিপরিষদ বিভাগের এসএসপিএস কর্মসূচির সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ খালেদ হাসান এবং বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ।

আলোচক হিসেবে ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির (বাংলাদেশ) প্রধান রেজাউল করিম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক অমলি কিসকু।

সেমিনারে ‘সামাজিক নিরাপত্তার কর্মসূচির বর্তমান প্রেক্ষাপট এবং সমতলের আদিবাসীদের জন্য করণীয় বিষয়ে সুপারিশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়নের সহযোগী অধ্যাপক আসিফ এম শাহান।

জিডিপি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা,  বিধবা ভাতা, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি, মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, ভিফিএফ এবং কাজের বিনিময়ে খাদ্য-সামাজিক নিরাপত্তা কর্মসূচি-  নয়টি ক্ষেত্র নিয়ে দুটি জেলার পাঁচটি উপজেলায় পরিচালিত হয়েছে এই গবেষণা।

গবেষণায় বলা হয়,  “জাতীয় সামাজিক নিরাপত্তা ইস্যুতে সমতলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে প্রশাসনিক কর্মকর্তারা পর্যাপ্ত জ্ঞান রাখেন না।”  

অধ্যাপক আসিফ এম শাহান বলেন,  “সামাজিক নিরাপত্তা বেষ্টনি এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির এসএসএনপি কার্ড বিতরণে স্থানীয় প্রতিনিধিরা উপকারভোগীদের কাছ থেকে টাকাও দাবি করেছেন।”

ক্ষুদ্র জাতিসত্তার জন্য একটি আলাদা ফ্রেমওয়ার্ক ডিজাইনের পরামর্শ দিয়ে তিনি জানান,  “এই ফ্রেমওয়ার্ক উপকারভোগীর নির্বাচন প্রক্রিয়া, সুবিধা এবং বাধাগুলো চিহ্নিত করবে।”  

নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে সিএসও কমিটির সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংযোগ বাড়াতেও পরামর্শ দেন অধ্যাপক শাহান।

তরুণ প্রজন্মের শিক্ষা সহায়তার উপর জোর দিয়ে শিক্ষা সামগ্রী কেনার জন্য ভর্তুকি প্রদানের পাশাপাশি সম্পদ ভিত্তিক উন্নয়নের উপর গুরুত্ব দিতে অনুরোধ জানান সেমিনারের আলোচকরা।

পরে  ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট  (ভিজিডি) কর্মসূচিকে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট অফ দ্যা ভালনারেবল ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কার্যক্রমে রূপান্তরের দাবিও জানান বক্তারা।