২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বাম জোটের

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার মানুষের অধিকার সঙ্কুচিত করতে চাইছে অভিযোগ করে এই আইন বাতিলের দাবি জানিয়েছে সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 10:48 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

আট সংগঠনের জোটটি রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানায় তারা।

ইন্টারনেট জগতে সবার সুরক্ষার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের কথা সরকার বললেও এর বিভিন্ন ধারা নিয়ে সমালোচনা করে আসছে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দল।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ কোনো কারণ ছাড়াই যে কোনো অফিসে তল্লাশি চালাতে পারবে, পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে। পরে সেই ব্যক্তির জামিনও হবে না। এমন আইন পৃথিবীর আর কোথাও নেই।”

“সরকারের কোনো চুরি, দুর্নীতি, লুটপাট যাতে কোনোভাবেই প্রকাশ পেতে না পারে সেই জন্য ডিজিটাল নিরাপত্তা করা হয়েছে,” বলেন তিনি।

সাইফুল হক বলেন, “গাছের পাতা পড়লেও সরকার ভয় পাচ্ছে। সামান্য মিছিলেও সরকার ভয় পেয়ে বাধা দিচ্ছে। আওয়ামী লীগের লোকেরা বলছে, সরকার নাকি অনেক জনপ্রিয়। সরকার যদি এতই জনপ্রিয় হয়ে থাকে, তাহলে সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক।”

সংসদ ভেঙে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা দাবিতে আগামী ১৪ অক্টোবর সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও জানান বাম জোটের সমন্বয়ক।

সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন, “সরকার কোনো মিছিল-মানববন্ধন দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। এসব কারণে নানা কালাকানুন করছে এই সরকার। সরকারের লোকদের দুর্নীতি যাতে মানুষের সামনে না আসে সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে।”

বাসদ নেতা রাজেকুজ্জান রতন বলেন, “বিভিন্ন সময়ের সরকার বিভিন্ন কালাকানুন করেছে মানুষের অধিকার সঙ্কুচিত করার উদ্দেশে থেকে। একই উদ্দেশ্য নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে।”