দেশ গড়ায় লায়নদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়ায় লায়নদের বিশেষ অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে শনিবার লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের এক সমাবেশে তিনি বলেন, “আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ বিশ্বে সম্মান পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। এখন বলে বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল।”
প্রধানমন্ত্রী লায়নদের উদ্দেশে বলেন, “এই মর্যাদাটা যেন ধরে রাখতে পারি সেজন্য দেশ গড়ায় আপনাদের বিশেষ অবদান রাখতে হবে। এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তুলব।”
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি। এটা আমাদের ধরে রাখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি লায়ন ও লিওদের একটা দায়িত্ব রয়েছে। আমরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দেশটাকে আমাদের উন্নত করতেই হবে। সেটাই আমাদের লক্ষ্য।”
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত, বিশ্বের সর্ববৃহৎ মানবসেবামূলক সংগঠন। সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত এই সংগঠন বিগত একশ বছরের বেশী সময় ধরে বিশ্বের দুই শতাধিক দেশে মানব সেবায় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমাদের ওপর একটা বোঝা এসেছে, মিয়ানমারের শরণার্থী। প্রায় ১১ লক্ষ শরণার্থী আজকে আমাদের দেশে আশ্রয় নিয়েছে।”
রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরে যাবে বলে আশা প্রকাশ তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে আজকে যে সমর্থন বাংলাদেশ পেয়েছে এবং সেই সাথে সাথে চাপ তারা প্রয়োগ করছেন, আমরা আশা করি তাদেরকে (রোহিঙ্গা) ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করতে পারব।”
অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহমদ ছাড়াও সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির উদ্দিন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এম আমিনুল ইসলাম।
