২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংস্কৃতির উৎসব ছড়িয়ে যাক সারা দেশে’

বাংলার লোকজ সংস্কৃতির নানা ধারাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলতে সংস্কৃতির উৎসবকে ঢাকার সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 08:30 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

নূর বলেন, “বাংলার সংস্কৃতি এখন হুমকির মুখে। আমাদের লোকজ সংস্কৃতিকে আরো বিকশিত করাই যদি উৎসবের প্রধান লক্ষ্য হয়, তবে একে ছড়াতে হবে ঢাকার বাইরে। এটাই এখন জরুরি।”

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে যোগ দিয়েছে ভারতের কয়েকটি নাট্যদল।

নূর বলেন, “দুই বঙ্গের আত্মীয়তা শুধু ভাষার কারণে নয়, সংস্কৃতির শেকড়ের কারণে। রবীন্দ্রনাথ, নজরুল, নাটক, গান, নাচ দুই বঙ্গকে এক সুতোয় বেঁধেছে। এ ধরনের সাংস্কৃতিক উৎসব দুই দেশের সংস্কৃতির আদান-প্রদানে সহায়তা করবে।”

১১ দিনের গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে নাটক মঞ্চায়নের পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।

সপ্তমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ। সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি।

শুক্রবার বিকালে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন দুই বাংলার দুই নাট্যজন বিভাস চক্রবর্তী ও মামুনুর রশীদ।

উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান।

গোলাম কুদ্দুছ জানান, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে ভারতের চারটি দলের পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের ২৬টি নাট্যদল অংশ নিচ্ছে।

এছাড়াও থাকবে নয়টি পথনাটক, ১৮টি আবৃত্তি সংগঠন, ১৮টি সঙ্গীত সংগঠন, ১৮টি নৃত্য সংগঠন, একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনা।

আনুমানিক আড়াই হাজার শিল্পী এ উৎসবে অংশ নিচ্ছে।

১২ অক্টোবর সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘গঙ্গা-যমুনা পাড়ের সংস্কৃতি ও একটি অনুসন্ধান’ শীর্ষক সেমিনার।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের ড্যান্সার্স গিল্ড পরিবেশন করে জোনাকী সরকারের নির্দেশনায় ও ড. মঞ্জুশ্রী চাকীর পরিচালনায় নৃত্যনাট্য ‘তোমারই মাটির কন্যা’ এবং স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হয় চন্দ্রকলা থিয়েটারের নাটক ‘তন্ত্রমন্ত্র’।

শনিবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল অনীক মঞ্চস্থ করবে ‘বিষঘুম’ এবং পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার মঞ্চস্থ হবে ‘মেরাজ ফকিরের মা’।

উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্বে অংশ নেবে বহ্নিশিখা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, নটরাজ, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, ঢাকা স্বরকল্পন, তাল কালচারাল একাডেমি ও গতি থিয়েটার।