আইএসিপি সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন আইজিপি
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের (আইএসিপি) বার্ষিক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে গেছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এবং পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
বিভিন্ন দেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানো বিষয় সম্মেলনের আলোচনায় স্থান পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করবেন।
