মেডিকেলে ভর্তি পরীক্ষায় গাড়ি পার্কিং যেখানে
এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র ঘিরে রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এনেছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।
এবার ঢাকায় নয়টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৭৪০জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিত বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৯ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে।
এছাড়া ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের কেন্দ্র দুটিতে ৫ হাজার ৭৪১, ইডেন মহিলা কলেজে ৬ হাজার, তেজগাঁও কলেজে ৮ হাজার, মতিঝিলের আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্রে ৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক আসবেন।
“সেই সাথে কেউ গাড়ী নিয়ে আসবেন ফলে এসব কেন্দ্র ঘিরে পরীক্ষার্থী, অভিভাবক আর গাড়ীর চাপ থাকবে। এ কারণে ঢাকা মহানগর পুলিশ এসব এলাকা ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা সাজিয়েছে, যা সংশ্লিষ্ট সকলকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রে আসা গাড়িগুলো মল চত্বর ও জগন্নাথ হল থেকে পলাশী পর্যন্ত পশ্চিম প্রান্তের একদিকে এবং ইডেন মহিলা কলেজকেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রে আসা গাড়িগুলো নীলক্ষেত হতে পলাশী ক্রসিং পর্যন্ত পূর্ব দিকের এক লেইনে রাখা যাবে।
ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলকেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রে আসা গাড়ি পুরাতন এলিফেন্ট রোড হয়ে গাউছিয়া পর্যন্ত রাখা যাবে।
তেজগাঁও কলেজ কেন্দ্রের উদ্দেশে সোনারগাঁও-কাজী নজরুল ইসলাম এভিনিউর দিক থেকে আসা পরীক্ষার্থীরা ইন্দিরা রোডে নেমে ব্যক্তিগত গাড়ি মানিক মিয়া এভিনিউতে রাখতে পারবে।
মানিক মিয়া এভিনিউ ও এ্যারোপ্লেন ক্রসিং দিয়ে আসা পরীক্ষার্থীরা কেআইবি (খেজুর বাগান) এর সামনে নেমে ফার্মগেট উদ্যান পার হয়ে তেজগাঁও কলেজে যাবেন। তাদের ব্যক্তিগত গাড়ি ফার্মগেইট, বিজয় সরণী, খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে এসে রাথা যাবে।
মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজকেন্দ্রিক পরীক্ষার্থীদের সুবিধায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
ফলে পীরজঙ্গী ক্রসিং ও কমিশনার গলি ক্রসিং’এ শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে পাশের নির্দিষ্ট এলাকায় ব্যক্তিগত গাড়ি রাখা যাবে।
