আকাশ সংস্কৃতির ডামাডোলে গা ভাসালে চলবে না: রাষ্ট্রপতি
আকাশ সংস্কৃতির ডামাডোলে গা না ভাসিয়ে নিজেদের সংস্কৃতি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার নেত্রকোনায় আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবে এই আহ্বান জানান তিনি।
তথ্য-প্রযুক্তির প্রসারের ফলে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে মন্তব্য করে আবদুল হামিদ বলেন, ফলে আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। বিভিন্ন দেশ ও জাতির সংস্কৃতিতে এর প্রভাবও দ্রুত বিস্তার করছে। সাংস্কৃতিক চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণাও বদলাচ্ছে একই গতিতে।
“তবে আকাশ সংস্কৃতির ডামাডোলে গা ভাসিয়ে দিলে চলবে না, বরং তা থেকে ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে এবং মন্দ দিকগুলোকে বর্জন করতে হবে।”
সারা বাংলাদেশে লোকজ সংস্কৃতির উপাদান ছড়িয়ে থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এগুলোকে সংগ্রহ করে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। আর তা হলেই বহির্বিশ্বে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠবে।”
এ লক্ষ্যে কবি, সাহিত্যিক, নাট্যকার, নির্মাতা, সংগ্রাহক, গবেষকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে আশরা রাখেন রাষ্ট্রপ্রধান।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এই উৎসবে আবদুল হামিদ বৃহত্তর ময়মনসিংহ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি-লোকাচারের স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, এ অঞ্চলের লোকগীতি বা পালাগান বাংলার অতি প্রাচীন ও সুপরিচিত একটি গাঁথা বা ধারা। বাংলা সাহিত্যে প্রথম গদ্য সাহিত্য রচয়িতা ভারতচন্দ্র বা ঈশ্বরগুপ্তের পূর্বযুগে এ দেশে পালাগানের যথেষ্ট কদর ছিল।
“বাংলার লোকসংস্কৃতির অবারিত পীঠস্থান পূর্ব ময়মনসিংহের সুজলা সুফলা সমতলভূমি, বিল-ঝিল, হাওর-বাঁওড় ও সবুজ অরণ্যবেষ্টিত পাহাড়ঘেরা নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চল। এ অঞ্চল থেকেই ‘মৈমনসিংহ গীতিকা’র মতো বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদের উদ্ভব ও বিকাশ ঘটেছে।”
হাওরের মানুষ আবদুল হামিদ ময়মনসিংহের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার লোক সাহিত্যের বৈচিত্রের কথাও তুলে ধরেন।
“শুধু পূর্ববঙ্গই নয়, দেশের রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলেও এখনো অনেক পালাগান অবিচল ধারায় গীত হয়ে আসছে। লোকসাহিত্য সংগ্রাহক ড. মনসুরউদ্দীন ও কবি জসীমউদ্দীন এসব পালাগানের সংকলন প্রকাশ করেছেন।”
লোক সংস্কৃতি গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, লোকগানের চলমান ধারা বহতা নদীর মতো, আজো বাংলার পথে প্রান্তরে ভাওয়াইয়া-ভাটিয়ালি, মুর্শিদী, বাউলগীতি ও পালাগান ছড়িয়ে ছিটিয়ে আছে।
“বাংলা সাহিত্য সংস্কৃতির বিশাল প্রান্তরে আমাদের অমূল্য গাঁথাগুলো জাতিসত্ত্বার প্রয়োজনে সংরক্ষণ করা দরকার। বিশেষ করে বাংলার প্রাচীন লোক সাহিত্যসহ আধুনিক লোকগীতি ও লোক সংস্কৃতির গবেষণার জন্য একটি লোক সংস্কৃতি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।”
মুক্তারপাড়া মাঠে ওই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোকগবেষক অধ্যাপক যতীন সরকার।
বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন, লোক সাহিত্য গবেষক ড. দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেন।
রাষ্ট্রপতি দুপুরে হেলিকপ্টারে করে নেত্রকোনা পৌঁছান। পরে তিনি পুরাতন জেলখানারোডে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশেন সেন্টারের ভিত্তি স্থাপন এবং কয়েকটি স্থাপনার উদ্বোধন করেন।
উৎসবে যোগ দেওয়ার পর বিকালে ঢাকায় ফেরেন তিনি।
