২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: বেসিক ব্যাংকের শিপারের জামিন নিয়ে রুল খারিজ

অর্থ আত্মসাতের মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ মহাব্যপস্থাপক ও গুলশান শাখার ব্যপস্থাপক শিপার আহমেদের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 02:42 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু; রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন কামরুন্নেসা রত্না।

আমিন উদ্দিন পরে সাংবাদিকদের বলেন, ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলা করেন দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবেদীন।

এ মামলায় শিপার আহমেদ জামিন আবেদন করলে হাই কোর্ট চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রুল জারি করে। চূড়ান্ত শুনানির পর আজ ওই রুল খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ তার জামিন আবেদন খারিজ হয়ে গেছে।’

আমিন উদ্দিন বলেন, ‘বেসিক ব্যাংকের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাবন্দি।’

শিপার আহমেদ ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনির হোসেন, গুলাশান শাখার ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুল সোবহান, বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে বেসিক ব্যাংকে যোগ দেওয়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মোনায়েম খান ও বেসিক ব্যাংকের বাবুবাজার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক (ডিজিএম) মো. সেলিম।