শহীদুল-মাইদুলের মুক্তি দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম, আলোকচিত্রী শহিদুল আলমসহ কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
কোটা আন্দোলনকারীদের এই প্ল্যাটফর্মে উদ্যোগে মঙ্গলবার ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন।
সামিনা লুৎফা বলেন, “নিপীড়নের শিকার শিক্ষার্থীদের পাশে দাড়াঁনোর অপরাধেই শিক্ষক মাইদুল এখন জেলে। আমরা তার মুক্তি দাবি করছি। একই সাথে আলোকচিত্রী শহীদুল আলমসহ আন্দোলনে যেসব শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি।”
রুশাদ ফরিদী বলেন, “কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেনি। তারা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছে। কিন্তু এখন কোটা বাতিল করে শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে।”
পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, “আন্দোলন থেকে যত শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে সকলকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে আমাদের পাশে যেসব শিক্ষকরা দাঁড়িয়েছেন তাদেরও মুক্তি দিতে হবে।”
পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, আতাউল্লাহ খান, বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।
