২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা বাতিলের সুপারিশের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 12:18 AM

Updated : 19 Aug 2022, 02:41 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হয় সংগঠনটির সদস্যরা। শাহবাগে তাদের মিছিল আটকে দেয় পুলিশ।

পরে সেখান থেকে ৫ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা মল্লিকের হাতে স্মারকলিপি তুলে দেন। 

কোটার পক্ষে রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ সালেহ৷

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত এই কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুরোপুরি তুলে দেওয়ার সুপারিশ করেছে।

অধ্যাপক জামাল বলেন, কোটা পর্যালোচনার কমিটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ 

বর্তমানে চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রয়েছে।

অধ্যাপক জামাল বলেন, “সচিব কমিটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ এদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আসতে পারে না ৷ স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে মেতেছে।”

অধ্যাপক আবু জাফর বলেন, কোটা বাতিলের সিদ্ধান্ত আবেগবশত, সংবিধানসম্মত নয়। 

“কোটা সংস্কার হতে পারে, কিন্তু বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত সংবিধানসম্মত নয় ।”

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “কোটা পর্যালোচনা কমিটির কোটা বাতিলের সুপারিশ আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা প্রত্যাখ্যান করছি।”

সমাবেশ থেকে সব চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবি জানানো হয়।