মৃত্যুবার্ষিকীতে জসীম মণ্ডলকে স্মরণ
শ্রমিক নেতা জসীম উদ্দিন মণ্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে তার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
রেল শ্রমিক থেকে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়ে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্যপদ পাওয়া জসীম মণ্ডল গত বছরের ২ অক্টোবর মারা যান।
তার মৃত্যুবার্সিকীতে ঢাকার মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে মঙ্গলবার এক স্মরণ সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তাদের উদ্ধৃত করে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজীবন বিপ্লবী জসীম উদ্দীন মণ্ডল তরুণদের স্বপ্নের নায়ক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। সহজ-সরল-সাবলীল অথচ অনলবর্ষী বক্তৃতায় তিনি সহজেই জনতাকে আকৃষ্ট করতেন।”
জসীম মণ্ডলের স্বপ্ন সাম্যবাদী সমাজে প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সিপিবি নেতারা।
স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
স্মরণসভার শুরুতে প্রয়াত জসীম উদ্দীন মণ্ডলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এবং তার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
