ভূমি অফিস ডিজিটাইজেশন ২০২০ সালের মধ্যে: মন্ত্রী
দেশের ভূমি অফিসগুলোর ডিজিটাইজেশনের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
এই সময়ের মধ্যে এসব অফিসের অবকাঠামোগত উন্নয়নও শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব তথ্য জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা চালু হয়েছে। ডিজিটাইজেশন প্রক্রিয়া বাস্তবায়িত হলে সেবা প্রত্যাশী প্রান্তিক জনগণ জমি সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবে।
ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মতিন-উল-হক ও ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক জামিলুর রহমান ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
