অর্থ আত্মসাত: এসআইবিএল কর্মকর্তার কারাদণ্ড
গ্রাহকদের হিসাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের দায়ে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দিলকুশা প্রধান শাখার চাকরিচ্যুত জ্যেষ্ঠ কর্মকর্তা মোসাম্মৎ জাকিয়া সুলতানাকে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম সোমবার এ রায় দেন।
রায়ে দুর্নীতি প্রতিরোধ আাইন এবং দণ্ডবিধির দুই ধারায় পলাতক জাকিয়া সুলতানাকে ৫ বছর করে মোট দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে উভয় সাজা একযোগে চলবে বলে তাকে মোট ৫ বছরই সাজা খাটতে হবে।
জরিমানার এই অর্থ না দিলে তাকে আরও তিন মাসের সাজা ভোগ করতে হবে ।
আদালতের নথিতে বলা হয়, জাকিয়া ২০১০ সালের ২৩ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকের ৪৭ গ্রাহকের সঞ্চয়ী ও চলতি হিসাব থেকে মোট ২ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা তুলে তিনটি বেনামা অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ২০১১ সালের মে মাসে জাকিয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় এ মামলা করেন।
মামলার বিচারকালে বিচারক মোট ১৫ জনের সাক্ষ্য শুনে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এম এ সালাউদ্দিন ইস্কান্দার এবং আসামিপক্ষে ছিলেন আসাদুজ্জামান খান।
