ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনা বাড়াতে বাউল গান
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাউল এবং জারি গান নিয়ে রোড-শোর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে পাঁচ দিনব্যাপী এ রোড-শো উদ্বোধন করেন প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী।
আগামী পাঁচ দিন ডিএনসিসির অঞ্চল ৫, ৩, ২, ৪ ও ১- এ এই রোড-শো অনুষ্ঠিত হবে।
মশা এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মশা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত থাকবে। তবে জনসচেতনতা বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে।”
“এই রোড শোতে আমরা গানে গানে, লিফলেট বিতরণ করে এবং স্লোগানের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করব।”
ঢাকা উত্তর সিটি করপোরেশন জানায়, মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধ সম্পর্কে নিয়মিত প্রচার চালিয়ে আসছে ডিএনসিসি। তাছাড়া বিভিন্ন কমিউনিটিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কয়েকমাস ধরে প্রচার ও অবহিতকরণ সভার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
