২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেট থেকে গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৪

ঢাকার কাফরুলের পুলপাড় এলাকার ছুড়ে ফেলা একটি সিগারেট থেকে গ্যাস লাইনে আগুন লেগে দগ্ধ হয়েছেন চারজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2018, 07:27 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আবু হেনা মোস্তফা বাবু (৩২), সানি আহমেদ (২৭),  কামাল হোসেন (৩০) ও পলাশ (৩০)। তারা পরস্পরের বন্ধু।

বেলা আড়াইটার দিকে এই চারজনকে হাসপাতালে নিয়ে যান তাদের আরেক বন্ধু সাব্বির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহিমপুরের পুলপাড়ে মনা মিয়ার চায়ের দোকানে তারা ছয় বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। 

সাব্বির বলেন, তাদের মধ্যে একজন ধূমপান শেষ করে সিগারেটের শেষ অংশ চা দোকান সংলগ্ন নালায় ছুড়ে ফেললে সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন চা দোকানেও ছড়িয়ে পড়ে।

গ্যাসের লাইনের কোথাও ত্রুটি থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করেছেন কাফরুল থানার ওসি সিকদার মোহাম্মদ শামিম।

তিনি বলেন, “ঘটনার পরপরই তিতাস গ্যাসের লোকজন সেখানে এসে কাজ শুরু করে।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধ বাবু ও সানির অবস্থা আশঙ্কাজনক।