‘ডিবি পরিচয়ে তুলে নেওয়া’ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে
ঢাকার বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পরিচয়ে যে পাঁচজনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল, তাদের ওয়ারি থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তাদের তিন করে রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলেন- টাঙ্গাইলের গোপালপুরের বাধাই এলাকার বাসিন্দা ও ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী শাফিউল আলম ও তার ছোট ভাই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুল আলম, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. আবুল হায়াত, পিরোজপুরের মঠবাড়িয়া থানার পশুরিয়া এলাকার বাসিন্দা ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শফিউল্লাহ এবং মোশাররফ হোসেন খান।
তাদের সঙ্গে গ্রেপ্তার ডেমরার সারুলিয়া এলাকার ডগাইর ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী মোশারফ হোসাইন মায়াজকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন কিশোর আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূরুল আমীন বিপ্লব। সেখানে এক প্রবেশন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম।
আসামিপক্ষে আব্দুর রেজ্জাক, লুৎফর রহমান, আবু বক্কর সিদ্দিকসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
তারা বলেন, ১৬ দিন আগে তাদের তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। এতে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
তবে পুলিশের দাবি, বুধবার রাতে ওয়ারির একটি বাড়িতে বৈঠকের সময় বিস্ফোরক দ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এদের স্বজনরা বলেছিলেন, গত ১২ সেপ্টেম্বর ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তাদের তুলে নিয়ে যায়।
