সিনহা তদন্তে ফারমার্সের সাবেক এমডিকে দুদকে তলব
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার ঘটনার অনুসন্ধানে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
তাকেসহ ছয়জনকে বুধবার দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে মঙ্গলবার কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিস পাঠানো হয়।
অন্য পাঁচজন হলেন- বেসরকারি ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সুলতানা।
এই অভিযোগের অনুসন্ধানে গত ৬ মে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে কথিত দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়টির অনুসন্ধানের জন্য ওই দুজনকে তলবের কারণ দেখিয়েছিল দুদক।
দুদকের নোটিসে ‘গুরুত্বপূর্ণ’ ওই ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও পদত্যাগী প্রধান বিচারপতি সিনহাই যে সেই ব্যক্তি, সংবাদপত্র ও টেলিভিশনে সে খবর আসে। জিজ্ঞাসাবাদের পর ওই দুজনের আইনজীবী বিচারপতি সিনহার সঙ্গে লেনদেনের কথাই বলেন।
বিচারপতি এস কে সিনহা
বিদেশে থেকে সম্প্রতি নিজের লেখা বইয়ে সিনহা দাবি করেন, তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়।
তার এই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক রোববার বলেছিলেন, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখবে।
পরদিন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের জিজ্ঞাসায় কারও নাম প্রকাশ না করে বলেন, তারা একটি অভিযোগের অনুসন্ধান চালাচ্ছেন, তা শেষ হলে সাংবাদিকদের জানানো হবে।
আইনমন্ত্রীর প্রতিবাদ
বিচারপতি সিনহা সংশ্লিষ্ট তদন্ত নিয়ে দুদক চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রীর রোববারের বক্তব্যের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেছিলেন, “মাননীয় মন্ত্রীর কথায় তো মামলা হবে না, অনুসন্ধানও হবে না।”
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “মাননীয় আইনমন্ত্রী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিষয়ে তিনি কখনও দুর্নীতি দমন কমিশনকে মামলা করতে কিংবা অনুসন্ধান করতে কিংবা তদন্ত করতে বলেননি।”
আনিসুল হক তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন, “বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছি, আমরা কিন্তু সব সময়ই বলে আসছি আইন সকলের ঊর্ধ্বে এবং তার (সুরেন্দ্র কুমার সিনহা) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন সেটা খতিয়ে দেখছেন। তারা যখন তার বিরুদ্ধে মামলা করবেন, তখনই মামলা হবে। সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না।”
