দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘দেয়ি’
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দেয়ি’তে রূপান্তরিত হওয়ার পর বর্তমানে ভারতে পৌঁছে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। ক্রমেই এটি আরও দুর্বল হচ্ছে।
তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দেয়ি’ সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি স্থলভাগের ওপর আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
“এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে বলে জানান এই আবহাওয়াবিদ।
ঘূর্ণিঝড় ‘দেয়ি’ নামটি মিয়ানমারের দেওয়া, এর অর্থ ‘সুন্দরী নারী’ অথবা ‘সূর্যান্ত থেকে সূর্যোদয় পর্যন্ত’।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি বৃহস্পতিবার ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘দেয়ি’তে এ পরিণত হয়।
ঝড়টি শুক্রবার রাত ২টায় ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলের নিকটবর্তী গোপালপুর অতিক্রম করে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়।
এদিকে আবহাওয়ার শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
