২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল পাস

দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ জনশক্তি গড়তে একটি জাতীয় প্রতিষ্ঠান করতে নতুন আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:36 PM

সোমবার ‘জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি ‍বিল-২০১৮’ সংসদে পাসের প্রস্তাব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

১৯৬১ সালের ‘গভর্মেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।

প্রতিষ্ঠানটির আগে নাম ছিল পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি। পরে ২০০৯ সালে নতুন নাম হয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

বিলে বলা হয়েছে, এনএপিডি হবে সংবিধিবদ্ধ সংস্থা, যার ১৫ সদস্যর একটি বোর্ড থাকবে। পরিকল্পনামন্ত্রী বা প্রতিমন্ত্রী এর চেয়ারম্যান হব্নে। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী একইসঙ্গে মন্ত্রণালয়ের দয়িত্বে থাকলে প্রতিমন্ত্রী ভাইস চেয়ারম্যান হবেন এবং পরিকল্পনা বিভাগের সচিব বোর্ডের সদস্য হবেন। প্রতিমন্ত্রী না থাকলে সচিব ভাইস চেয়ারম্যান হবেন।

এ বোর্ডের আলাদা তহবিল থাকবে এবং সরকারের সার্বিক নির্দেশনায় এর হিসাব পরিচালিত হবে। প্রয়োজনে সরকার এ আইনে বিধি করতে পারবে এবং বোর্ড সরকারের অনুমতি নিয়ে প্রবিধান তৈরি করতে পারবে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল পাস

পরে ধর্মমন্ত্রী মতিউর রহমান ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

১৯৮৩ সালের ‘হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন করতে বিলটি পাস হয়েছে।