খিলক্ষেতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
রাজধানী খিলক্ষেতে বাসের ধাক্কায় ‘পাঠাও’র রাইড শেয়ারিং মোটর সাইকেলের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে লো মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তাপস কুমার বলেন, স্নিগ্ধা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই মোটর সাইকেলের যাত্রী ও চালক আহত হন।
“পথচারীরা আহত চালক সাব্বিরকে (৩৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আর যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।”
ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক অজ্ঞাত পরিচয় ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর পরনে রয়েছে সাদা পায়জামা ও পাঞ্জাবি।
স্নিগ্ধা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
