২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুলের ডিভিশন স্থগিতের আবেদন সাড়া পায়নি

আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দি মর্যাদা (ডিভিশন) দিতে হাই কোর্টের আদেশ স্থগিতের জন্য করা রাষ্ট্রপক্ষের আবেদন সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের সাড়া পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 01:06 PM

Updated : 19 Aug 2022, 02:36 PM

চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় শহিদুলের ডিভিশনের আদেশ বহাল থাকছে বলে তার আইনজীবী জানিয়েছেন।   

আদালত সরকারকে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছে বলে শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন জানিয়েছেন।

আদালতে শুনানিতে শহিদুলের পক্ষে ছিলেন সারা হোসেন; রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৫ সেপ্টেম্বর আলোকচিত্রী শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দি মর্যাদা দিতে স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাই কোর্ট।

শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রোববার এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আইনজীবী সারা হোসেন পরে সাংবাদিকদের বলেন, “ডিভিশন দেওয়ার আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় হাই কোর্টের আদেশই বহাল থাকছে।”

গত ২৭ অগাস্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা (ডিভিশন) দিতে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছিল। আদালত কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নিতে বলে।

কারা কর্তৃপক্ষ ২৮ আগস্ট তা অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। এর এক সপ্তাহ পর ম্যাজিস্ট্রেটের অনুমোদনের দীর্ঘসূত্রিতার কারণ উল্লেখ ও প্রথম শ্রেণির বন্দী সুবিধা চেয়ে রিট করেন রেহনুমা আহমেদ।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ অগাস্ট রাতে পুলিশ গ্রেপ্তার করে দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে।

এই আলোকচিত্রী ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতা উসকে দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

পরে ‘উসকানিমূলক ও মিথ্যা’ অপপ্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করা হয়।