২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবেন্দ্র লারমা ছিলেন একজন জাতীয় নেতা’

মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল আদিবাসীদের নেতা আখ্যায়িত না করে তাকে জাতীয় নেতা বলার আহ্বান জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 06:13 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

১৫ সেপ্টেম্বর বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার বাংলাদেশ আদিবাসী ফোরামের আলোচনা সভায় তার বিপ্লবী জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচকরা কথা বলেন।

মানবেন্দ্র লারমার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে কলামনিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, “তিনি চেয়েছিলেন একটি আধুনিক সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি ছিলেন একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা মানুষের কথার পাশাপাশি তিনি দেশের সমগ্র খেটে খাওয়া, মেহনতি, শ্রমজীবী মানুষের কথা বলে গিয়েছেন।”

ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা দেশের গণতন্ত্রকে একটি অর্থপূর্ণ গণতন্ত্র দিতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ বিনির্মাণ করে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন উগ্র বাঙালি জাত্যাভিমানী আগ্রাসনের কবলে আদিবাসী জনগোষ্ঠী তার অধিকার থেকে বঞ্চিত হবে।”

তিনি আরো বলেন, এম এন লারমা স্বতন্ত্র শাসন কাঠামো, প্রথাগত ভূমি অধিকার, স্বতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা, স্বকীয় ঐতিহ্য ও সংস্কৃতির  প্রতিশ্রুতির প্রেক্ষিতে বাকশালে যোগদান করেছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত বাংলাদেশ গঠনের জন্য এম এন লারমার আদর্শকে ধারণ করা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার মানবেন্দ্র লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।  “তিনি শুধু পাহাড়ের মানুষের কথা বলেননি, তিনি দেশের সমস্ত কৃষক, শ্রমিক, মাঝি-মাল্লার অধিকারের কথাগুলো নির্ভয়ে সংসদে উত্থাপন করেছিলেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। জঙ্গলে অবস্থানকালে তিনি তার সতীর্থদের প্রাকৃতিক জীবজন্তু না মারার জন্য বারণ করতেন।”

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সামন্তকালীন সময়েও মানবেন্দ্র নারায়ণ লারমা মানবিক সমাজের কথা বলেছিলেন, শিক্ষা বিস্তারের কাজে মনোনিবেশ করেছিলেন। এম এন লারমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল চৌধুরী, কবি ও সাংবাদিক সোহরাব হাসান এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।