জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: জব্বার
আনীত ডিজিটাল নিরাপত্তা বিল জাতীয় সংসদে পাস হলে সে আইনের আওতায় সরকার কোনোভাবেই জনগণের ‘সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না’ বলে আশ্বস্ত করেছেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদ’ আয়োজনে এসে তিনি এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, বিলটি আইনে রূপান্তর হলে ৫৭ ধারায় মামলা করার আর কোনো সুযোগ থাকবে না।
“এই আইনটি হচ্ছে সাইবার অপরাধ দমন করার জন্য। আরও স্পষ্ট করে বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জনগণের সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।”
প্রস্তাবিত আইনের ৩২ ধারায় সরকারি গোপন তথ্য-উপাত্ত ডিজিটাল উপায়ে ধারণ, স্থানান্তর বা সংরক্ষণ করা এবং তাতে সহায়তাকে গুপ্তচরবৃত্তির অপরাধ হিসেবে গণ্য করে ১৪ বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে।
এ আইন পাস হলে তা অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠ রোধ করার জন্য ৫৭ ধারার চেয়েও আরও ‘বড় অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হবে বলে আশঙ্কা করছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীরা।
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত ১১ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করে জাতীয় সংসদে উত্থাপন করেছে।
এই কমিটির বরাত দিয়ে মোস্তাফা জব্বার বলেন, “গুপ্তচরবৃত্তি শব্দটি ৩২ ধারায় রাখা হয়নি। আপনি দুর্নীতির জন্য ছবি তোলেন, ডেটা এনে প্রকাশ করে দেন, এই আইন আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।”
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি কেউ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট..... মানে বাংলাদেশে বিরাজমান রাষ্ট্রীয় অতি গোপন কোনো তথ্য প্রকাশ করে প্রচলিত আইন লঙ্ঘন করে তখন তা শাস্তিযোগ্য অপরাধ হবে।”
মন্ত্রী বলেন, ২০১৩ সালে আইসিটি অ্যাক্ট সংস্কার হয়ে তাতে সাত বছরের জেলের শাস্তি যোগ করা হলে তা অপপ্রয়োগ করেছেন সুযোগসন্ধানীরা।
তবে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে ৫৭ ধারা ‘বিলুপ্ত হবে’ জানিয়ে তিনি বলেন, “তখন তা আর প্রয়োগ করার কোনো সুযোগ থাকবে না।”
কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে (সিআরপিসি) ডিজিটাল অপরাধের শাস্তির যথাযথ বিধান না থাকায় সাইবার অপরাধ দমন করা কঠিন ছিল বলে জানান জব্বার।
“সিআরপিসিতে ডিজিটাল অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা নাই। আমার কম্পিউটারের হার্ডডিস্ক থেকে ডেটা চুরি হল, আমি থানায় গেলাম, থানা বলল কোন ধারায় মামলা করবে তা তারা জানে না। এই আইনটি হয়ে গেলে আর সমস্যা হবে না।”
আগামী ১০ বছর পর সাইবার অপরাধ আরো বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় মোস্তাফা জব্বার গুরুত্বারোপ করেন সাইবার সচেতনতা, আইনি কাঠামো নির্মাণ ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতায়।
ডিজিটাল নিরাপত্তা বিলটি আইন আকারে পাস হলে চলমান আইনের বেশকিছু ধারা ‘পরিবর্তন করতে হবে’ বলে জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে ডিজিটাল জগত মনিটরিং প্রকল্পটি আগামী নভেম্বর থেকে চালু হবে বলে জানান তিনি।
পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিরাপদ সড়ক আন্দোলনের সময় গুজব ছড়ানোর সময় ফেইসবুক বন্ধ রাখার নির্দেশনা এলেও তাতে জব্বার সায় দেননি।
সম্প্রতি ফেইসবুক ও ইউটিউবের আঞ্চলিক প্রধানদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, “যেকোনো প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে বড় হল রাষ্ট্রীয় নিরাপত্তা। যার যা খুশি করবে ফেইসবুকে, টুইটারে, ইউটিউবে, তা তো হতে পারে না। তারা আমার কথা শুনেছে।”
পরে মন্ত্রী ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
উদ্বোধনী প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
