ওজনে অনিয়মে জরিমানা বাড়াতে সংসদে বিল
অনুমোদনহীন বাটখারা উৎপাদন ও ব্যবহার এবং পণ্যের ওজনে অনিয়মের সাজা বাড়িয়ে নতুন আইন করার প্রস্তাব সংসদে উঠেছে।
১৯৮২ সালের ‘স্ট্যান্ডার্ড অব ওয়েট অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স’ সংশোধন ও পরিমার্জন করে বাংলা ভাষায় আইনটি করতে সংসদে এই প্রস্তাব তোলা হয়েছে।
বিলে আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক শাস্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মানদণ্ডহীন বাটখারা বা পরিমাপক ব্যবহারে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড বাড়িয়ে এক লাখ টাকা করার কথা বলা হয়েছে।
কোনো ব্যক্তি যদি ওজন বা পরিমাপক সম্পর্কিত মডেল অনুমোদনের সনদ ছাড়া তা বিক্রি, বিতরণ, সরবরাহের জন্য তৈরি করেন তাহলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
লাইসেন্স ছাড়া ওজন বা পরিমাপক যন্ত্র বিক্রি করলে, উৎপাদন করলে অনুর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে বিলে।
বিলে বলা হয়েছে, অনুমোদন বহির্ভূত বস্তু দ্বারা ওজন বা পরিমাপক তৈরি বা উৎপাদন করলে এক লাখ টাকা বা ৩ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
নির্ধারিত মানদণ্ড ব্যতীত অন্য কোনো ওজন বা পরিমাপক বা সংখ্যমান ব্যবহার করলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে।
এ ছাড়া আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নিয়মকানুন এ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলে বলা হয়েছে, নির্ধারিত একক ছাড়া মুখের ভাষায় বা ভিন্নভাবে মূল্য বা চার্জ ঘোষণা করা যাবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, “এই আইনের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পণ্যকে দেশি ও বিদেশি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে বিশ্বব্যাপী সামগ্রিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাবে। বাংলাদেশি পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক সংস্থার প্রত্যয়নপত্র পাওয়া সহজ হবে।”
