বিমসটেকের মাইলেক্সে যোগ দিতে ভারতে যাচ্ছেন সেনাপ্রধান
বিমসটেকের মাল্টিন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) যোগ দিতে ভারতের পুনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান শুক্রবার ঢাকা ত্যাগ করবেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশনের (বিমসটেক) মাইলেক্স গত ১০ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর।
আগামী ১৫ সেপ্টেম্বর বিমসটেকের সদস্য দেশগুলোর সেনাপ্রধানদের নিয়ে গঠিত ‘চিফস কনক্লেভ’ এ ‘পসিবিলিটি অব ক্রিয়েটিং ভিজিবল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার টু ডিল উইথ থ্রেটস-টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন সেনাবাহিনী প্রধান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধান অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আগামী ১৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশ নিচ্ছেন।
