বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিতে কমিশন গঠন বিবেচনায়: হাসিনা
বঙ্গবন্ধুকে খুনে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের বিচার হলেও স্বাধীনতার চার বছরের মাথায় অন্তরালে থেকে যারা জাতির জনককে হত্যার ছক করেছিলেন, তাদের চিহ্নিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, “জাতির পিতার হত্যার অন্যান্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে হাঁটছিল বাংলাদেশ। বঙ্গবন্ধুকে হত্যার বিচারের পথ বন্ধ করতে তখন ইনডেমনিটি অধ্যাদেশও জারি করা হয়েছিল।
একদল সেনা সদস্য এই হত্যাকাণ্ড সংঘটিত করলেও দেশে-বিদেশি নানা ষড়যন্ত্র এর মধ্যে ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে বিভিন্ন সময় দাবিও উত্থাপিত হচ্ছে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার বলেন, “আওয়ামী লীগ পরপর দু‘বার সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পূর্বে ষড়যন্ত্রের ব্যাপারে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, পরোক্ষভাবে দেশি ও বিদেশি কিছু লোক ও সংস্থা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।”
জাতীয় শোক দিবসে শ্রদ্ধার ফুলে ঢাকা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খোলে। তখন বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর বিচারের গতি শ্লথ হয়ে যায়।
২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর বিচার শেষে ২০১০ সালে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে দণ্ডিত ছয় খুনি এখনও বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তাদের ফেরাতে সরকারের উদ্যোগও রয়েছে।
বঙ্গবন্ধুর এই ছয় খুনি পালিয়ে আছে বিদেশে
তিনি জানান, কানাডায় থাকা খুনি নূর চৌধুরীর তথ্য দিতে ফেডারেল কোর্ট অব জাস্টিসের আদালতে আবেদন করা হয়েছে। পলাতক রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
