২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলনের নেতা রাশেদের মামলার শুনানি পেছাল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অন্যতম সংগঠক রাশেদ খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 05:49 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগের করা মামলাটির মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করে দেন।

কোটা সংস্কার দাবির আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদকে গত ১ জুলাই ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়ের করা তথ্য-প্রযুক্তি আইনের এক মামলায় ঢাকার ভাসানটেক থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ।

এরপর মামলার এজাহার আদালতে পৌঁছালে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদি আল নাহিয়ান খান জয় অভিযোগ করে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সব চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যা আমরা বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি।

“কিন্তু এখনও কেন প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না, এ বিষয়টিকে পুঁজি করে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করে সারা দেশে অরাজকতা সৃষ্টির জন্য রাশেদ খান গত ২৭ জুন তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানহানিমূলক ও নাশকতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এই শিক্ষার্থী রাশেদের এ বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন মামলার এই বাদি।

আরও খবর

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার  

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ রিমান্ডে  

কোটা আন্দোলনের নেতা রাশেদ কারাগারে