অপরাধের ধরন বুঝে হবে আগামীর পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীতে অপরাধের ধরন কী হবে, সেটা ভেবেই পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার বিকালে শেরে বাংলা নগর থানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “পুলিশের জনবল ও সক্ষমতা বৃদ্ধি করেছি।…আগামী ১০ বছরে ক্রাইমের চেহারা কী হবে, সেই অনুযায়ী পুলিশকে সক্ষমতা বৃদ্ধি করে প্রস্তুত রাখছি।”
আগামী ৫০ বছরে পুলিশের সেবামূলক কার্যক্রম কীভাবে বাড়ানো যায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন নতুন ইউনিট করেছি। হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি। আমরা পিবিআই গঠন করেছি।
“আপনারা দেখেছেন জঙ্গি উত্থানের একটা প্রচেষ্ঠা চলছিল সেটাকে দমন করার জন্য কাউন্টার টেরোজিরম ইউনিট গঠন করা হয়েছে।”
মন্ত্রী বলেন, “আমরা এখন যেটা প্রয়োজন মনে করছি যে, আগামী ১০ বছর পুলিশ কী চেহারায় থাকবে? সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ করছি।”
নতুন থানা ভবনটি অনেক দিনের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশের সহযোগিতা আপনারা সব সময় পাবেন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আপনারা মনে করছেন আমাদের পুলিশ আগামী নির্বাচনে কী ভূমিকা রাখবে এবং কতটুকু সক্ষম? আমি আপনাদের বলছি, …এই যে দশ বছরে অনেক নির্বাচন করেছি। হাজার হাজার নির্বাচন হয়েছে। পুলিশ তাদের যে দায়িত্ব তা সুচারুরূপে পালন করেছে এবং কখনও কোনো নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি।
“কাজেই জাতীয় নির্বাচনে শুধু পুলিশ নয়, আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনী যখনই নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবেন তখন থেকেই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে।”
তিনি বলেন, “আমরা মনে করি তারা (নিরাপত্তা বাহিনী) অত্যন্ত দক্ষ। তারা জঙ্গি দমন করেছে; এখন মাদক দমন করছে। নির্বাচনে তাদের দক্ষতা ও সক্ষমতার পরিচয় পাবেন। তারা সবদিকে প্রস্তুত হয়ে আছে।”
নির্বাচনে জঙ্গি তৎপরতা নিয়ে মন্ত্রী বলেন, “যারা বাংলাদেশকে সন্ত্রাসী ও অকার্যকর রাজ্য বানাতে চেয়েছিল। তাদের কিন্তু দাঁতভাঙা জবাব আমাদের নিরাপত্তা বাহিনী দিয়ে দিয়েছে। আমি মনে করি নিরাপত্তা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ, দক্ষ ও সক্ষমতায় বলিয়ান।
“আমি মনে করি হুমকি-ধামকি যতই দিক, নীল নকশা করুক কিংবা ষড়যন্ত্র করুক, আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দারা তৎপর রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদু্জ্জামান মিয়া।
