রাষ্ট্রীয় কারখানায় মজুরি বাড়াতে সংসদে বিল
জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশের আলোকে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি শতভাগ বাড়িয়ে ৮৩০০ টাকা করার প্রস্তাব সংসদে উঠছে।
সোমবার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ‘রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটির বিষয়ে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানালেও সংসদের কাছে সায় পায়নি।
নতুন বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার ৩০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ১১ হাজার ২০০ টাকা।
আগে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ১৫০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা ছিল।
গত জুলাই মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
বিলে বলা হয়েছে, ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন মজুরি এবং ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে।
এই কমিশন গত বছরের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়।
সর্বশেষ ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১০’ এ রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি প্রায় ৭০ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়।
এরপর তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ করা হয় ২০১৩ সালের ১ ডিসেম্বর। তিন হাজার টাকা মূল বেতন ধরে ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছিল তখন। নতুন কাঠামোয় ওই বেতন তারা পাচ্ছেন ২০১৪ সালের জানুয়ারি থেকে।
কয়েক বছরের মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বাংলাদেশ টেক্সাটাইল মিলস কর্পোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে কর্মরত শ্রমিকরা এই আইনের আওতায় পড়বে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন
এর আগে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ‘প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮’ উত্থাপন করেন। পরে বিলটি এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে পরীক্ষার জন্য মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সাভারের বিএলআরআই, লাইভস্টক রিসার্চ ইনন্সিটিউট ১৯৮৪ সালের একটি অর্ডিনেন্সের মাধ্যমে চলছে, সামরিক আমলের অর্ডিনেন্সগুলো আইনে রূপান্তর করতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় এ আইন করা হয়েছে। ১৯৯৬ সালে আইনটি একবার সংশোধন করা হয়।
