হাতিরঝিলে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ফাহিম রাফি (২০) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফাহিম টেলিটক কোম্পানির মহাব্যবস্থাপক মনিরুজ্জামানের ছেলে। তাদের বাসা দক্ষিণ বাসাবো।
শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতিরঝিলে একটি বাসের ভেতরে পড়ে গিয়ে ঠোঁটের অংশে কেটে যায় ফাহিমের। তাকে প্রথমে আল খিদমাহ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
“আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। চিকিৎসক জানিয়েছে, পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মারা যান ফাহিম।”
ফাহিম সন্ধ্যায় বাসা থেকে বের হয় বলে তার পরিবার পুলিশকে জানায়।
