উপন্যাস লেখার ‘গল্প’ শোনালেন দুই বাংলার চার লেখক
জীবনীভিত্তিক উপন্যাস রচনার অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেছেন দুই বাংলার চার লেখক।
শুক্রিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের বইঘর ‘বাতিঘরের’ এই আয়োজনে কবি ও কথাসাহিত্যিক সুমন রহমানের সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নিজেদের উপন্যাস লেখার পেছনের কথা তুলে ধরেন লেখক বিশ্বজিৎ চৌধুরী, শাহাদুজ্জামান, সুহান রিজওয়ান এবং কলকাতা থেকে আসা লেখক বিনোদ ঘোষাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
তিনি বলেন, “জীবনীভিত্তিক রচনার মধ্যে সত্য ও বাস্তব ভিত্তি আছে। এখানে লেখকের কাজ হল সত্য ও বাস্তবের অবস্থান পাকাপোক্ত করা। একই সাথে পাঠকের কাছে লেখাটি বিশ্বাসযোগ্য করে তোলা।”
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে ‘নার্গিস’ উপন্যাস লেখার অভিজ্ঞতা শোনান বিশ্বজিৎ চৌধুরী।
তিনি বলেন, “বড় মাপের মানুষদের চারপাশে ছোট ছোট চরিত্র থাকে, আমি লিখেছি কাজী নজরুলের জীবনের অংশ নার্গিসকে নিয়ে। নজরুল নার্গিসের প্রেমে পড়েছেন; এ উপন্যাসটি লিখতে গিয়ে আমিও নার্গিসের প্রেমে পড়েছি।”
কর্নেল আবু তাহেরের জীবনী নিয়ে ‘ক্রাচের কর্নেল’ উপন্যাস লেখার প্রেক্ষাপট সম্পর্কে শাহাদুজ্জামান বলেন, “আমি এমন একটি সময়ে জীবন-যাপন করেছি যে সময়ে রাজনীতি উপেক্ষা করা অসম্ভব ছিল। ঊনসত্তর থেকে পঁচাত্তর ছিল একটি নাটকীয় সময়, অন্ধকারের সময়ও। ওই সময়টাতে আমি এমন একজন চরিত্র খুঁজেছি তিনি হলেন কর্নেল তাহের।”
বিশ্বসাহিত্য কেন্দ্রে বইঘর ‘বাতিঘর’ এ শুক্রবার জীবনীভিত্তিক উপন্যাস রচনার অভিজ্ঞতা বিষয়ক আলোচনায় অতিথিরা। ছবি: মাহমুদ জামান অভি
এছাড়া জীবনানন্দ দাশকে নিয়ে জীবনীভিত্তিক আরেকটি উপন্যাস লিখেছেন বিদেশের মাটিতে চিকিৎসা পেশায় নিয়োজিত এই লেখক।
জাতীয় চার নেতার একজন তাজউদ্দিন আহমদকে নিয়ে জীবনভিত্তিক উপন্যাস লেখার ‘উপলব্ধি’ জানাতে গিয়ে লেখক সুহান রিজওয়ান বলেন, “আমি বিশ্ববিদ্যালয় জীবনে লেখালেখি শুরু করি। আমাদের মুক্তিযুদ্ধের মূল সরল রেখা পাওয়ার জন্য তাজউদ্দিন আহমদকে নিয়ে লিখি।একটি সিনেমা নায়ক চরিত্রের চেয়ে বড় চরিত্র হচ্ছেন তাজউদ্দিন আহমদ। কেউ যদি মুক্তিযুদ্ধকে বুঝতে চায় তাকে তাজউদ্দিনকে বুঝতে হবে। দেশ স্বাধীনের মৃদু মানুষ তাজউদ্দিন আহমদ।”
কলকাতার লেখক বিনোদ ঘোষাল কাজী নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি লিখেছেন ‘কে বাজায় বাঁশি’ উপন্যাস।
এই উপন্যাস প্রসঙ্গে তিনি বলেন, “নজরুল সম্পর্কে বছর তিনেক আগেও বেশি কিছু জানতাম না, তবে শৈশব থেকে নজরুলের প্রতি একটি ভালোলাগা ও ভালোবাসা ছিল। এক বছরের বেশি সময় ধরে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে লিখেছি। নজরুল প্রেমিক কবি; এ রকম প্রেমিক দ্বিতীয় কে আছেন তা আমার জানা নেই।”
