গুলিস্তানে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে আহত ৭
ঢাকার গুলিস্তানে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত শামসুল হক (৫২), কামাল ( ২০), সজল (২৫), আলামিন (২৫), রফিক (৪০), পরীবানু (৪০) ও ইসমাইলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই বাসের যাত্রী ছিলেন ।
তাদের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, বাসটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিল। জিরো পয়েন্টের কাছে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান বাচ্চু।
