ক্যামেরাবন্দি রোহিঙ্গা ক্যাম্প
পেছনে পুড়ছে মাতৃভূমি, প্রাণভয়ে ছুটে চলেছে রোহিঙ্গারা। গায়ের পোশাকে প্রিয়জনের রক্তের দাগ, মনে শঙ্কা- একটু নিরাপদ আশ্রয় মিলবে তো?
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর যে দমন অভিযানের ফলে নাফ নদীর দুই তীরে ভয়ঙ্কর মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে, তার এক বছর পূর্ণ হয়েছে ২৫ অগাস্ট।
বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা সেই রোহিঙ্গাদের জীবনযাত্রা, তাদের হাতে জরুরি সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থার কার্যক্রম, আর সমস্যা-সঙ্কটের এক ভিন্ন পাঠ উঠে এসেছে ঢাকায় আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে।
আয়োজকরা জানান, আইওম, ইউএনএফপিএ, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ডব্লিউএফপি, ইউএনআরসিও, ডব্লিউএইচও-সহ ৪০টি এনজিওর কর্মীদের তোলা ছবির পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া আলোকচিত্রও স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
সেভ দ্য চিলড্রেনের হানা অ্যাডহক ক্যামেরার ক্লিকে তুলে এনেছেন কুতুপালং শরণার্থী ক্যাম্পের রাজুমার কাহিনী।
গর্ভবতী রাজুমা যখন প্রাণভয়ে পালিয়ে আসছিলেন, তখন তার মনে ছিল প্রতিজ্ঞা- যে করেই হোক বাঁচাতে হবে গর্ভের সন্তানকে।
পুরোটা পথ জুড়ে ছিল লাশের মিছিল; তবু দমে যাননি তিনি। বঙ্গোপসাগরে নৌকা ভাসল, মাঝপথে ঝড় উঠল। সেই ঝড়ের মধ্যেই উঠল প্রসব বেদনা। ধাত্রী হলেন নৌকার এক সহযাত্রী।
ইউনিসেফের টমাস নাইবোর ক্যামেরায় ধরা পড়েছে দুই সন্তানের কাঁধে বাঁশের ঝোলায় চড়ে ৭৩ বছর বয়সী এক রোহিঙ্গা মায়ের অনিশ্চিত যাত্রার ছবি।
ওই পথে প্রাণভয়ে ছুটতে গিয়ে অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। আইএফআরসির ফারজানা হোসেনের ক্যামেরায় উঠে এসেছে ১৪ বছর বয়সী আনোয়ারা বেগমের কথা। বাংলাদেশে পালিয়ে আসার পথে সে তার মাকে হারিয়েছে চিরতরে।
লাখো মানুষের কাফেলা যখন থামছেই না, বাংলাদেশ এই মানবিক বিপর্যয় কতটা ঠেকাতে পারবে সেই প্রশ্ন যখন সামনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ঘোষণা দেন, রোহিঙ্গারা যতদিন নিজের মাটিতে ফিরতে না পারছে, তাদের অন্ন-বস্ত্র-বাসস্থান আর চিকিৎসার বন্দোবস্ত তিনি করবেন।
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে কক্সবাজারে ছুটে গেলেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিজের চোখে দেখতে সেখানে ছুটে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও।
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ; ইউনিসেফের শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও সময় কাটিয়ে গেলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে।
এ সব ছবির মধ্যে দিয়েই রোহিঙ্গা সঙ্কটের এক বছর উঠে এসেছে বে’স এইজওয়াটার গ্যালারির দেয়ালে দেয়ালে।
রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নে গর্ভবতী হয়ে পড়েন বহু রোহিঙ্গা নারী। কক্সবাজারের ক্যাম্পে তাদের জন্য গড়ে তোলা হয় বিশেষ স্বাস্থ্য ক্যাম্প। সেসব ক্যাম্প আর নিপীড়িত মায়েদের ছবিও প্রদর্শনীতে এসেছে।
রাখাইনে অত্যাচারের শিকার হয়েছে শিশুরাও। তাদের অনেকে হারিয়েছে পরিবারকে। এই শিশুদের মনের আঘাত সারানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষার আয়োজনও আশ্রয় শিবিরে হয়েছে।
প্রশিক্ষণ আর পাঠ দানের ক্লাসে রোহিঙ্গা শিশুদের হাসি আনন্দের মুহূর্তগুলো ধারণ করেছেন আলোকচিত্রীরা।
এ প্রদর্শনীর অর্ধশত আলোকচিত্রে উঠে এসেছে রোহিঙ্গাদের ঘর তোলার প্রক্রিয়া; সেই সঙ্গে এসেছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার আর মানবিকতার গল্প।
মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপো। বুধবার রাত ৮টায় এ আয়োজনের সমাপ্তি ঘটে।
