২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ঢাকায় ৯ জন গ্রেপ্তার

বিদেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 08:52 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর ১০ নম্বর সড়কের একটি বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবির জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- শরীফুল ইসলাম সজীব (৩৮), মো. গোলাম মোস্তফা কামাল (৫০),  মো. মোখলেসুর রহমান (৪০), মো. আশাদুল হক (৩৮), মো. আলতাব হোসেন রাজীব (৩৮), মো. আসাদুজ্জামান বাবু ওরফে আজিজ (২৯), জাহাঙ্গীর আলম (৩২), আব্দুল কাদের সরকার (৪০) এবং আবুল কালাম আজাদ (৪৩)।

বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনামুল কবির বলেন, চক্রটি অনুমোদন হীন ‘সেবা ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেয়।

“নিকুঞ্জ-১ থেকে পালিয়ে এই চক্রটি নিকুঞ্জ-২’ এ অফিস খুলে আবার একই কাজ শুরু করে।”

পুলিশ কর্মকর্তা এনামুল জানান, কয়েকজন ভোক্তভুগির কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিষ্ঠানটি থেকে ২৪টি পাসপোর্ট, (৯টি পাসপোর্টে কাতারের জাল ভিসা রয়েছে), ১০টি বিভিন্ন দেশের জাল ডিমান্ড নোটের চিঠি, ভুয়া ইমিগ্রেশন কার্ড, প্রায় আট লাখ টাকাসহ সিল, মোবাইল ও কম্পিউটার উদ্ধার করা হয়।