ফেমবোসা সম্মেলনে আসছেন না পাকিস্তান ও মালদ্বীপের ইসি প্রধান
দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনগুলোর সংগঠন ‘ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া-ফেমবোসা’র ঢাকা সম্মেলনে পাকিস্তান ও মালদ্বীপের প্রধান নির্বাচন কমিশনার আসতে না পারায় তাদের পক্ষে বাংলাদেশস্থ হাই কমিশনের প্রতিনিধিরা অংশ নেবেন।
‘ট্রান্সপারেন্সি ইন ইলেকটোরাল প্রসেস এ্যান্ড এনগেইজিং দ্য স্টেকহোল্ডার’ প্রতিপাদ্য নিয়ে বুধবার শুরু হচ্ছে ফেমবোসার দুই দিনব্যাপী সম্মেলন।
সংগঠনটির প্রথম আয়োজক ছিল বাংলাদেশ। এবার নবম আয়োজন হচ্ছে ঢাকায়।
নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান নির্বাচন কমিশনের প্রধানরা ঢাকায় অংশ পৌঁছেছেন। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।”
এ কর্মকর্তা জানান, পাকিস্তান ও মালদ্বীপে বড় নির্বাচন থাকায় তাদের প্রধান নির্বাচন কমিশনার আসতে পারছেন না। সেক্ষেত্রে তাদের বাংলাদেশস্থ দূতাবাসের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন।
ইসির জনসংযোগ শাখার যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, র্যাডিসন ব্লু হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেমবোসার বর্তমান চেয়ারম্যান আফগানিস্তানের গুলাজান আবদুল বাদি সায়েদ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম সাধারণ অধিবেশনে ফেমবোসার বর্তমান সভাপ্রধান স্বাগতিক বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সভাপ্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন।
সম্মেলনে ফেমবোসাভূক্ত নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি ও স্বাগতিক বাংলাদেশের নির্বাচন কমিশন অংশ নেবেন।
২০১০ সালে বাংলাদেশ থেকে ফেমবোসার যাত্রা শুরু। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে মালদ্বীপ এবং ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশের নামের বর্ণনাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
