বিচারপতি গৌর গোপাল সাহার কফিনে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি গৌর গোপাল সাহার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিচারপতি গৌর গোপাল সাহার মরদেহ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হলে প্রধান বিচারপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান জানান, রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টায় গৌর গোপাল সাহার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রধান বিচারপতির শ্রদ্ধ নিবেদনের পর সাবেক এই বিচারকের কফিন প্রথমে রামকৃষ্ণ মিশন এবং সেখা থেকে দয়াগঞ্জ শিবমন্দিরে নেওয়া হয়। দুপুরে ধর্মীয় বিধি অনুসারে পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য হয়।
১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতি থানার আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন গৌর গোপাল সাহা।
১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৩ সালের ডিসেম্বরে অবসরে যান।
পরবর্তীতে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং একই সঙ্গে রামকৃষ্ণ মিশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়া নোয়াখলালীতে গান্ধী আশ্রম ট্রাস্ট এবং বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি গৌর গোপাল সাহা।
তার একমাত্র ছেলে সুব্রত সাহা এবং স্ত্রী মাধুরী সাহা সুপ্রিম কোর্টের আইনজীবী। তিন মেয়ে অন্য পেশায় যুক্ত।
