২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: ফালুকে ফের দুদকে তলব

৮০ লাখ ডলার দুবাইয়ে পাচারের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুসহ নয় ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক নোটিসে তাদেরকে ৫ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

ফালু ছাড়া অন্যরা হলেন আর এ কে পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক কামার উজজামান, পরিচালক শায়লিন জামান আকবর, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আর এ কে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক, আর এ কে পাওয়ার লিমিটেডের পরিচালক মো. মাকসুদুল ইসলাম, আর এ কে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাকে সংসদ সদস্য ফালুকে গত ১৪ অগাস্ট প্রথম দফায় তলব করলে তিনি তার প্রতিষ্ঠানের কোম্পানি সচিবের মাধ্যমে হাজির হতে সময় চেয়ে আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে সময় দেওয়া হয় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

এছাড়া অন্যদের বিভিন্ন সময়ে তলব করা হয়েছিল, তারাও সময় চেয়ে আবেদন করেন।

এর আগে গত ৩ অগাস্ট ফালুসহ নয়জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠিয়েছিল দুদক।

ওই নয়জনের মধ্যে আর এ কে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামানও ছিলেন। কামার উজ-জামান তার ছেলে।

ওই চিঠিতে বলা হয়, এই নয়জনের বিরুদ্ধে ৮০ লাখ ডলারের সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল এ অভিযোগের অনুসন্ধান করছেন। অনুসন্ধান দলের অন্য সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।